২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া, নীলফামারীতে বোমা আতংক, বোমাসদৃশ বস্তু উদ্ধার

সাম্প্রতিক জঙ্গি হামলা, হুমকি ও বোমা এবং ডামি বোমা উদ্ধারের ঘটনায় যখন দেশবাসী শংকিত ঠিক সে মুহূর্তে চট্টগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া ও নীল ফামারীতে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনা ঘটেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 07:28 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, সোমবার সকালে নগরীর চান্দগাঁও থানার ব্যস্ততম বহদ্দার হাট এলাকায় বোমাসদৃশ একটি বস্তুর কারণে পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল আধ ঘন্টার জন্যে বন্ধ থাকে।

পথচারিরা বেলা সোয়া ১২টায় নির্মাণাধীন ট্রাফিক আইল্যান্ডে বোমাসদৃশ বস্তুটি দেখতে পেয়ে বহদ্দার হাট পুলিশ বক্সে সংবাদ দেয়।

শত শত মানুষ নিরাপদ দূরত্বে থেকে এর চারপাশে অবস্থান নেয়। পুলিশ এর চার পাশ ঘিরে রাখে এবং খাজা রোডে যান চলাচল বন্ধ করে দেয়।

খবর পেয়ে র‌্যাবের একটি বিস্ফোরক বিশেষজ্ঞ দল দুপুর দেড়টায় ঘটনাস্থলে এসে বস্তুটি তাদের অফিসে নিয়ে যায়।

র‌্যাব সূত্র জানিয়েছে, এটি লাল টেপে দু’টি কৌটায় মোড়ানো নকল বোমা। একটি চুম্বক ও তার ছাড়া কৌটার ভেতরে আর কিছুই ছিল না।

এ ঘটনায় ব্যস্ততম বহদ্দার হাট জংশনের দু’পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং শতশত যানবাহন আটকা পড়ে।

বিডিনিউজ সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, সিরাজগঞ্জের পৃথক দু’টি স্থান থেকে পুলিশ সোমবার দু’টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ সংলগ্ন দত্তবাড়ী মোড় থেকে পুলিশ প্রথম বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে।

পৌর এলাকার ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন পুকুরের চালা থেকে দুপুর ১২টার দিকে দ্বিতীয় বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়।

দমকল বাহিনীর সহায়তায় সদর থানা পুলিশ বোমাসদৃশ বস্তুগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এর আগে পুলিশ পরপর তিনদিন সিরাজগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজ ও পার্শ্ববর্তী এলাকা থেকে তিনটি নকল বোমা উদ্ধার করে।

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, পুলিশ সোমবার বগুড়ার গাবতলী এলাকা থেকে দুই কেজি ওজনের দু’টি বোমা উদ্ধার  করেছে।

জানা যায়, গাবতলী থানার পার রাণির পাড়া জামতলা চারমাথা এলাকায় সোমবার সকাল ৭টার দিকে লোকজন রাস্তার পাশে বোমা দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে বোমাটি উদ্ধার করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, পরীক্ষা না করে বলা যাবে না বোমাটি আসল না নকল।

নীলফামারী প্রতিনিধি জানান, নীলফামারীর সাপ্তাহিক নীলসাগর পত্রিকা অফিসের কয়েক গজ দূরে দিপালী সিনেমা হল ক্যাম্পাস থেকে সোমবার ভোরে পুলিশ একটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে। এতে লাল টেপ পেঁচানো এবং বৈদ্যুতিক তারে পেনসিল ব্যাটারি লাগানো ছিল।

ভোরে সিনেমা হলটি ঝাড়– দিতে এসে ঝাড়–দার নাটুয়া বস্তুটি দেখে লোকজনকে খবর দেয়।

খবর পেয়ে পুলিশ এসে এটি উদ্ধার করে ব্যাটারির সংযোগ বিচ্ছিন্ন করে কিছুক্ষণ পানি ভর্তি বালতিতে ডুবিয়ে রেখে পাশের একটি জলাশয়ে ফেলে দেয়। নীলফামারী পুলিশ সুপার সোয়েব আহমেদ উদ্ধারকৃত বস্তুটি বোমা নয় বলে দাবি করেছেন।