২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে শায়খ আ. রহমান সন্দেহে গ্রেপ্তারকৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে র‌্যাবের হেফাজতে ঢাকায় প্রেরণ

কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটা থেকে আটককৃত শায়খ আ. রহমান--সদৃশ ব্যক্তিসহ সন্দেহভাজন তিন জঙ্গিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সোমবার ভোরে ঢাকায় পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Dec 2005, 06:56 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পুলিশ সুপার মল্লিক ফখরুল ইসলাম বলেন, আটককৃতদের মধ্যে হামিদুর রহমানের চেহারার প্রায় ষাট ভাগ শায়খ আব্দুর রহমানের সাথে মিলে যায়। তাই এখনও তাকে সন্দেহভাজন হিসেবে মনে করা হচ্ছে।

রোববার দুপুরে গ্রেপ্তারকৃত সন্দেহভাজন তিন জঙ্গির মধ্যে একজনের চেহারা আব্দুর রহমানের মতো মনে হওয়ায় জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। থানায় জিজ্ঞাসাবাদের জবাবে আব্দুর রহমান--সদৃশ ব্যক্তি নিজের নাম হামিদুর রহমান (৫৫) এবং বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায় বলে জানায়।

অপর দুই ব্যক্তির একজন কুমিল্লার দাউদকান্দির হামিদুর রহমান (২৩) এবং অপরজন নোয়াখালীর সেনবাগের আলমগীর বলে পরিচয় দেয়।

তারা কটিয়াদির করগাঁও ইউনিয়নের ভাট্টা গ্রামের জনৈক নজরুল ইসলামের কাছ থেকে কুয়েতি দিনার কিনতে যাচ্ছিল বলে দাবি করেছে।

আটককৃত তিন ব্যক্তিকে সোমবার খুব ভোরে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) পাহারায় ঢাকায় পাঠানো হয়।

ঢাকায় কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে শায়খ রহমানের বিভিন্ন রকমের ছবির সাথে আটককৃত সন্দেহভাজন ব্যক্তির চেহারা মিলিয়ে বিশেষজ্ঞরা পরীক্ষা করবেন।

রোববার ওই ব্যক্তিদের গ্রেপ্তারের পর স্থানীয় সূত্রে প্রাথমিকভাবে আটককৃত একজনের সঙ্গে বাংলা ভাইয়ের চেহারার মিল রয়েছে বলে জানানো হয়েছিল।