নভেম্বরে নিহত ২৬৭ শিশু, ধর্ষণসহ যৌন নির্যাতনের শিকার ৭৪
দুষ্কৃতকারী, আত্মীয়--স্বজন, বন্ধু--বান্ধব, প্রতিবেশীর দ্বারা এবং সড়ক দুর্ঘটনা ও পানিতে ডুবে নভেম্বর মাসে দেশে মোট ২৬৭ জন শিশু নিহত হয়েছে। এছাড়াও এসময়ে ৬৬৮ জন শিশু সরাসরি বিভিন্ন ধরনের নৃশংসতার শিকার হয়।
১২টি জাতীয় ও ১৯৬টি স্থানীয় সংবাদপত্রে প্রকাশিত নারী ও শিশু অধিকার লংঘনের সংবাদ পরিবীক্ষণ করে বেসরকারি সংস্থা ম্যাস-লাইন মিডিয়া সেন্টার (এমএমসি) রোববার এ তথ্য জানায়।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, নভেম্বর মাসে ৭৪ জন শিশু যৌন নির্যাতন ও ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে সাত জন শিশুকে ধর্ষণের পর হত্যা করা হয়।
রিপোর্টে আরও বলা হয়, এসময়ে মোট ৪২ জন শিশু অপহরণের শিকার হয়েছে। অপহৃত এসব শিশুর মধ্যে ৩৪ জন মেয়ে শিশু। তবে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় ১৯ জন অপহৃত শিশুকে উদ্ধার করা হয়। রিপোর্টে জোরপূর্বক বিয়ে, যৌন কাজে ব্যবহার ও পাচার করাই শিশু অপহরণের কারণ হিসেবে উল্লেখ করা হয়।
প্রাপ্ত তথ্যে দেখা যায়, নিহত ২৬৭ জন শিশুর মধ্যে ১৩১ জনের মৃত্যু হয়েছে দুর্ঘটনায়। শিশুর দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষেত্রে দুর্বল প্রশাসনিক পদক্ষেপের কথা উল্লেখ করা হয় রিপোর্টে।
এছাড়া, আত্মহত্যা করে ৩১ জন এবং পারিবারিক নির্যাতনের শিকার হয়ে ১৩ জন শিশু মারা গেছে। এসময়ে ২৩ জন শিশু পাচারের শিকার হয়েছে। তবে এদের মধ্যে ১৩ জনকে পুলিশ উদ্ধার করেছে।
রিপোর্টে আরও বলা হয়, নভেম্বর মাসে দেশের বিভিন্ন স্থান থেকে মাতৃ বা পিতৃ পরিচয়হীন ১৩ শিশুর লাশ উদ্ধার করা হয়। এসময়ে চিকিৎসার সুযোগ বঞ্চিত হয়ে ৪১ জন শিশু এবং বৈষম্যের শিকার হয়ে একজন কন্যাশিশু নিহত হয়।
এছাড়াও শিক্ষকের হাতে, পূর্বশত্র“তা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে অভিভাবকের প্রতিপক্ষের হাতে, কিশোর অপরাধী এবং সন্ত্রাসীদের হাতেসহ অন্যান্য কারণে ২৮ জন শিশু নিহত হয়েছে।
