অবশেষে আটক মেছোবাঘটি ছাড়া পেল
অবশেষে আটক সেই মেছোবাঘটি ছাড়া পেয়েছে। রোববার রাতে তাকে কুষ্টিয়ার ভেড়ামারার বনে ছেড়ে দেওয়া হয়।
চুয়াডাঙ্গা জেলার চুনিয়াদহ গ্রামবাসী ৮ ডিসেম্বর মেছোবাঘটি আটক করে। খবর পেয়ে চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বাঘটি উদ্ধার করে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তার কাছে পাঠান। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ অধ্যাদেশ অনুযায়ী আটক ওই বাঘটিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। এসময় সেখানে ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিক আহম্মেদসহ সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
বিভাগীয় বন কর্মকর্তা তৌছিফুল বারী খান জানান, মেছোবাঘ দেখতে কালো চিতা বাঘের মত হলেও আসলে এটি মানুষের জন্যে ভয়ঙ্কর কিছু নয়। ব্ল্যাক প্যানথারের মত দ্রুতগতিতে চলামেছোবাঘ মানুষের ওপর আক্রমন করে না। এই বন্য প্রাণী মুরগী ও ইঁদুর ছাড়া নদী এবং পুকুর থেকে মাছ ধরে খায় বলেই এর নাম মেছোবাঘ।
বিভাগীয় বন কর্মকর্তা দেশ থেকে বিলুপ্ত প্রায় মেছুয়া বাঘকে রক্ষার জন্যে সকলের প্রতি আহবান জানান।
চলতি বছরের ৭ মার্চ মেহেরপুর জেলার মুজিবনগর থেকে একই প্রজাতির আরেকটি মেছোবাঘ আটক হলে সেটিকেও কুষ্টিয়ার বন বিভাগ ভেড়ামারার সামাজিক বনে ছেড়ে দিয়েছিল।
