২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় অবৈধ বাংলাদেশীদের দেশে ফিরে আসার নির্দেশ

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কোরিয়ায় অবৈধভাবে বসবাসরত বাংলাদেশীদের দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে। তাদের অভিভাবকদেরও এ ব্যাপারে উদ্যোগ নিতে পরামর্শ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 06:00 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মেজর (অব.) কামরুল ইসলাম বিডিনিউজকে জানান, মন্ত্রণালয়ের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের দেশে ফিরে আসতে অনুরোধ জানানো হয়েছে। তবে সরকারের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার কোনও উদ্যোগ নেয়া হবে না। তাদের নিজ উদ্যোগে ফিরে এসে পুনরায় যাওয়ার সুযোগ নিতে হবে।

প্রতিমন্ত্রী জানান, কেউ যদি কোরিয়ায় গ্রেপ্তার হয়ে দেশে ফিরে আসে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার ইমিগ্রেশন অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী ব্যবস্থা নেবে। সেক্ষেত্রে তাদের জেল অথবা জরিমানাও হতে পারে।

কামরুল ইসলাম জানান, ওইসব অবৈধ অভিবাসী ফিরে এলে নতুন করে আরো অনেকে কোরিয়া যাওয়ার সুযোগ নিতে পারে। তাই তারা যত দ্রুত সম্ভব, দেশে ফিরে আসলেই দেশের জন্যে মঙ্গল হবে।

কর্মকর্তারা জানান, কোরিয়া সেখানে বসবাসরত বাংলাদেশসহ বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ঘোষণা দেওয়ার পর মন্ত্রণালয় অবৈধ বাংলাদেশীদের দেশে ফিরতে নির্দেশ দেয়। কোরীয় সরকার বিষয়টি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়কে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে।

অবশ্য কতজন বাংলাদেশী অবৈধ অভিবাসী কোরিয়ায় রয়েছে, তার সংখ্যা মন্ত্রণালয় জানাতে পারেনি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সূত্র জানায়, কোরিয়ায় বর্তমানে বাংলাদেশের জন্যে ৮ হাজার ৮শ’ জন বাংলাদেশী কর্মী পাঠানোর কোটা রয়েছে। সরকারি বা বেসরকারি মাধ্যমে প্রতি বছর এই পরিমাণ কর্মী সেখানে পাঠানো সম্ভব।

তবে বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে কোরিয়ায় গিয়ে অনেক বাংলাদেশী কর্মী আর দেশে ফিরে আসেনি। তারা সেখানে কাজের মেয়াদ শেষ হওয়ার পরও বসবাস করছে। ফলে বাংলাদেশ থেকে নির্ধারিত সংখ্যক কর্মী প্রতি বছর সেখানে পাঠানো সম্ভব হচ্ছে না। তারা যথাসময়ে ফিরে এলে দ্বিতীয় দফায় যাওয়ার সুযোগ পেতে পারে। একই সাথে নতুন করেও অনেকে কোরিয়া যাওয়ার সুযোগ পাবে।

কোরীয় সরকারের ঘোষিত নীতিমালা অনুযায়ী গ্রেপ্তারের পর ফেরত পাঠানো কোনও ব্যক্তি পুনরায় কোরিয়ায় যাওয়ার সুযোগ পাবে না। তবে গ্রেপ্তার এড়িয়ে যারা নিজ দেশে ফিরে যাবেন, তাদের আবার সেখানে যাওয়ার সুযোগ থাকবে।