ফোনে আড়িপাতা সংক্রান্ত অধ্যাদেশে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি, আপডেট
রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রোববার রাতে ফোনে আড়িপাতা সংক্রান্ত অধ্যাদেশে স্বাক্ষর করেছেন। এর ফলে সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনও ব্যক্তির টেলিফোন সংলাপ রেকর্ড করতে পারবে।
জাতীয় সংসদের বাইরে এ অধ্যাদেশ জারি করা হলো। জাতীয় সংসদের গত অধিবেশন শেষ হয় ২৪ নভেম্বর। জানুয়ারি মাসের মাঝামাঝিতে সংসদের আগামী অধিবেশন বসবে।
বাংলাদেশে টেলিকমউনিকেশন্স অ্যাক্ট ২০০১ অনুযায়ী টেলিফোন সংলাপ রেকর্ড শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত ছিল। কারও বিরুদ্ধে ফোন টেপের অভিযোগ প্রমাণিত হলে ওই ব্যক্তিকে ছয় মাসের জেল কিংবা ৫০,০০০ টাকা জরিমানা কিংবা দু’ধরনের শাস্তি দেওয়ার বিধান ছিল ওই অ্যাক্টে।
কিন্তু দেশজুড়ে অব্যাহত সন্ত্রাসী তৎপরতা বন্ধে টেলিযোগাযোগে এমন হস্তক্ষেপ অত্যাবশ্যক হয়ে উঠেছে উল্লেখ করে অনতিবিলম্বে অধ্যাদেশ জারি করার নির্দেশ দেওয়া হয়েছে।
তবে টেলিফোন সংলাপ রেকর্ড করতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিতে হবে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী রেকর্ডকৃত ফোনকে প্রমাণ হিসেবে ব্যবহার করে অভিযুক্ত ব্যক্তিকে আদালতে হাজির করা যেতে পারে।
দক্ষিণ কোরিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রের মত বিভিন্ন দেশে মোবাইল ফোন, স্যাটেলাইট, কম্পিউটার প্রযুক্তি, ই--মেইলের মাধ্যমে অপরাধ সম্পর্কিত তথ্য আদান--প্রদান ও সংঘটিত অপরাধ প্রতিহত করতে টেলিফোন সংলাপ রেকর্ড করার বিষয়টি প্রচলিত রয়েছে।
