দেশজুড়ে জেএমবি’র হুমকি অব্যাহত, শিক্ষাপ্রতিষ্ঠান সিনেমাহল সরকারি স্থাপনা টার্গেট, ১ম লিড
সারা দেশে জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবি’র বোমা হামলার হুমকি অব্যাহত রয়েছে। শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, সরকারি দফতর, সিনেমা হল উড়িয়ে দেওয়ার হুমকিসহ স্থানীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, প্রশাসনিক কর্মকর্তাদের হত্যা করার হুমকি দিচ্ছে জেএমবি ক্যাডাররা।
উড়োচিঠি কিংবা ডাকযোগে এসব হুমকি পাঠানো হচ্ছে।
রাজধানীর লালমাটিয়া এলাকায় হেডওয়ে ইউনিভার্সিটি’র কাছে জেএমবি’র নামে পাঠানো চিঠিতে ক্যাম্পাস উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। চিঠির বাক্সে ফেলা যাওয়া চিঠিটিতে বলা হয়েছে ইউনিভার্সিটিতে যদি ছাত্রছাত্রীরা অইসলামী কায়দায় চলাফেরা করে অশ্লীলতা দেখায় তাহলে তাদের হত্যা করা হবে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। বিশ্ববিদ্যায়ের অধ্যক্ষ অধ্যাপক মনিরুজ্জামান একথা জানান।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেএমবির আত্মঘাতী হামলার আশংকায় গোয়েন্দারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কড়া নজর রাখছে।
শনিবার রাতে র্যাব ৭- এর সদস্যরা ঢাকার ডেমরা থেকে জেএমবি সদস্য জাবি’র অর্থনীতি বিভাগের ছাত্র কেএম ওয়াহিদুল ইসলাম ওরফে ওয়াসিমকে গ্রেপ্তার করার পর এ তৎপরতা বৃদ্ধি করা হয়। আটক জেএমবি সদস্য ওয়াসিম ছাড়াও ক্যাম্পাসে প্রায় সাত/আট জন জেএমবি’র সক্রিয় সুইসাইড স্কোয়াডের সদস্য রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। গোয়েন্দা কর্মকর্তারা আশংকা করছেন যে কোন মুহূর্তে ক্যাম্পাসে তারা আত্মঘাতী হামলা চালাতে পারে।
বিডিনিউজ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, জেএমবি সদস্যরা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলীকে রোববার চিঠির মাধ্যমে হুমকি দিয়েছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বন্ধ না রাখলে বিভাগের সকলকে তাদের পরিবারসহ বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে বলে জানানো হয়। এর আগে তিনটি বিভাগের চেয়ারম্যানের কাছে একই ধরনের হুমকি দিয়ে চিঠি দেওয়া হয়। হুমকির ফলে সকল টিউটোরিয়াল ও কোর্স পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়। তবে অন্য বিভাগের পরীক্ষা যথারীতি চলছে। একের পর এক হুমকিতে ই বি’এর শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি ও শিক্ষার্থীদের মাঝে বোমাতংক বিরাজ করছে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আরও জানান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্যরা আত্মঘাতী বোমা হামলা করতে পারে বলে গোয়েন্দারা আশংকা করছেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ কামরুল আহসান বিডিনিউজকে জানান, সুইসাইড স্কোয়াডের ব্যাপারে কিছুই করার নেই তবে নিরাপত্তা ব্যাবস্থা আরও জোরদার করা হবে বলে তিনি জানান।
বিডিনিউজ জয়পুরহাট প্রতিনিধি জানান, বিজয় দিবসে জয়পুরহাটের বিভিন্ন সিনেমা হল, এনজিও অফিস ও গুরুত্বপূর্ন স্থাপনাসমূহে বোমা হামলার হুমকি দিয়েছে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবি। এই হুমকির প্রেক্ষিতে পুলিশ প্রশাসন ১৬ ডিসেম্বর পর্যন্ত সকল সিনেমা হল বন্ধ করে দিয়েছে।
সূত্র জানায়, জেএমবি’র ‘এহসার’ নামক একদল আত্মঘাতী সদস্য জয়পুরহাটের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে এবং তারা ১৬ ডিসেম্বরের মধ্যে সিনেমা হল, মার্কেট, এনজিও অফিস ও সভা সমাবেশ টার্গেট করে আত্মঘাতী বোমা হামলা চালাবে। এই মর্মে তথ্য পাওয়ার পরপরই পুলিশ প্রশাসন শহরের সকল সিনেমা হল আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত বন্ধ করে দিয়েছে।
শহরের প্রত্যেকটি মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে। মেটাল ডিটেক্টরদের দিয়ে শরীর তল¬াশী করা ছাড়া কাউকে মার্কেটগুলোতে ঢুকতে দেওয়া হচ্ছেনা। শহরে বিডিআর মোতায়েনের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যরা টহল জোরদার করেছে। আবাসিক হোটেল, হোটেল--রেস্তোরা, ছাত্রাবাসসহ সন্দেহজনক সকল স্থানে চালানো হচ্ছে তল্লাশি।
বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, জেএমবি সদস্য সন্দেহে আটক দিনাজপুর সরকারি কলেজের ছাত্র তারিক আহম্মেদকে তিন দিনের মধ্যে মুক্তি না দিলে বোমা মেরে কলেজ উড়িয়ে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে জেএমবি। শনিবার সকালে অধ্যক্ষের কক্ষে পাওয়া এক চিঠিতে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় শিক্ষক, কর্মচারি ও শিক্ষার্থীদের মধ্যে আতংক বিরাজ করছে।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, কুড়িগ্রাম জেলার রৌমারি উপজেলার নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামকে রোববার বিকাল চারটায় চিঠির মাধ্যমে হত্যা এবং তার বাসভবন-অফিস বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে জেএমবি। তার নিরাপত্তার জন্য পুলিশ মোতায়ন করা হয়েছে।
ঝিনাইদহ প্রতিনিধি জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন রবিবার ঝিনাইদহের হরিণাকুন্ডু থানা বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেয়া হয়েছে। জেএমবি’র পক্ষে ইদ্রিস নামে এক ব্যাক্তি ডাক যোগে এই চিঠি পাঠায়। পুলিশ সুপার জানান, থানা ও অফিস-আদালতের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হয়েছে। থানা সূত্র জানায় এ ধরনের হুমকি এর আগেও এসেছে। র্যাব ও পুলিশ জঙ্গিদের ধরতে বিভিন্ন স্থানে হানা দিচ্ছে।
