২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে বোমার ভয় দেখিয়ে ডাকাতির চেষ্টা

নগরীর উত্তরার একটি পাঁচতলা এপার্টমেন্ট ভবনে রোববার এক মহিলা ডাকাত ডাকাতির নতুন টেকনিক প্রয়োগ করে মুল্যবান জিনিসপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা চালায়। পায়ে বোমা সদৃশ জিনিস বেধে সে বোমার ভয় দেখিয়ে এই কাজ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 09:21 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

সম্প্রতি দেশজুড়ে আত্মঘাতী বোমা হামলার কারণে ভয়ে ওই বাড়ির মালিক মহিলা ডাকাতের হাতে আলমারির চাবিসহ বাড়ির মুল্যবান জিনিসপত্র তুলে দেয়। ডাকাতি করতে আসা ওই মহিলাও একই এপার্টমেন্টে থাকতো।

কিন্তু  অপর এক প্রতিবেশী ধরে ফেলায় শেষ পর্যন্ত নকল বোমায় ভয় দেখিয়ে ওই মহিলার ডাকাতির পরিকল্পনা ভেস্তে যায়।

সূত্র জানায়, ডাকাতি করতে আসা মহিলাও উত্তরার ১৪ নং সেকশনের ১৬ নম্বর রোডের ১ নম্বর হাউজের ওই বাসায় থাকতো।

ওই মহিলা পায়ে বাধা বোমা বিস্ফোরণ ঘটাবে বলে প্রথমে হুমকি দেয়। এতে ভয় পেয়ে গৃহকর্ত্রী ডাকাতের হাতে আলমিরার চাবি তুলে দেয়। তারা তিনলাখ ৬০ হাজার টাকা মুল্যের ৩৬ টি সোনার অলংকার এবং নগদ ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়।

ওই বাড়িতে শোরগোল শুনে অপর এক প্রতিবেশী এগিয়ে আসে এবং ওই মহিলা ডাকাতকে ধরে ফেলে। এ সময়ের ডাকাতের সহযোগি আরও চার/পাঁচজন পালিযে যায়।

খবর পেয়ে পুলিশ এবং র‌্যাব সদস্যরা বোমা নিষ্ক্রিয় করতে ঘটনাস্থলে পৌঁছে। পরে তারা দেখতে পায় এটি ছিল নকল বোমা।  

তবে উত্তরা থানা এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারে নি।