২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডব্লিউটিও বৈঠকে টেক্সটাইল ও পোশাককে অকৃষি খাত থেকে আলাদা করার দাবি জানাবে এলডিসি

বাংলাদেশসহ স্বল্পোন্নত দেশগুলো বিশ্ব বাণিজ্য সংস্থার আসন্ন মন্ত্রী পর্যায়ের সম্মেলনে টেক্সটাইল ও অ্যাপারেল খাতকে ম্যানুফেকচারিং খাতের এজেন্ডা থেকে পৃথক করার দাবি জানাবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2005, 08:35 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

হংকংয়ে ১৩ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এ সম্মেলনে যোগদানের উদ্দেশ্যে রোববার ঢাকা ত্যাগের প্রাক্কালে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন সিনিয়র কর্মকর্তা একথা বলেন। বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশের পক্ষ থেকে এ সম্মেলনে যোগ দিচ্ছে।

মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশসহ গ্লোবাল অ্যালায়েন্স ফর ফেয়ার টেক্সটাইল ট্রেড (জিএএফটি) সংস্থার ৫০টি সদস্য রাষ্ট্র ডব্লিউটিও সম্মেলনে টেক্সটাইল ও অ্যাপারেল খাতকে অকৃষিজাত পণ্য থেকে পৃথক করার দাবি জানাবে।

বাণিজ্য মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী বলেন, দোহা উন্নয়ন এজেন্ডায় উন্নত দেশের পক্ষ থেকে স্বল্পোন্নত দেশগুলোকে যে শুল্কমুক্ত বাজার সুবিধা দেওয়ার কথা ছিল সে ব্যাপারে প্রতিশ্র“তি আদায়ের জন্যে স্বল্পোন্নত দেশগুলো ডব্লিউটিও সদস্যদের প্রতি আহ্বান জানাবে।

নেপাল গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি কিরণ সাখা বলেন, আসন্ন সম্মেলনে টেক্সটাইল খাতকে পৃথকীকরণের বিষয়টি অত্যন্ত জোরালোভাবে তুলে ধরা হবে।

বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুল হক বলেন, বেসরকারি খাতের পক্ষ থেকেই এ দাবি উঠেছে এবং জোটের অনেক রাষ্ট্রই তাতে সমর্থন দিয়েছে।

কিরণ সাখা বলেন, ক্যারিবিয়ান অঞ্চলের টেক্সটাইল উৎপাদনকারী দেশসমূহ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সটাইল ও অ্যাপারেল আমদানিকারকরাও স্বল্পোন্নত দেশকে সমর্থন করেছে। এছাড়া উন্নয়নশীল দেশগুলোও এ ব্যাপারে সম্মতি দিয়েছে।

এ দাবিকে আরও জোরালো করতে মার্কিন টেক্সটাইল ও অ্যাপারেল প্রস্তুতকারকরা ইতোমধ্যেই  স্বল্পোন্নত দেশগুলোকে শুল্কমুক্ত জিএসপি সুবিধা দেওয়ার জন্যে মার্কিন প্রশাসনের প্রতি দাবি জানিয়েছে।

তবে স্থানীয় গার্মেন্টস প্রস্তুতকারকরা অভিযোগ করছেন যে এ ব্যাপারে যুক্তরাষ্ট্র কেবল এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে অগ্রাহ্য করছে।

বিজেএমইএ’র অপর এক নেতা বলেন, আমরা সরকারকে এ বিষয়টি মন্ত্রীদের সরকারি বিবৃতিতে অন্তর্ভুক্ত করার কথা বলেছি।

২০০৪ সালের ডিসেম্বর পর্যন্ত টেক্সটাইল ও অ্যাপারেল খাতটি মাল্টি ফাইবার অ্যারেজমেন্টের (এমএফএ) আওতায় ছিল। কিন্তু ডব্লিউটিও’র নীতিমালা অনুযায়ী কোটা পরবর্তী সময়ে অর্থাৎ ২০০৫ সালের ১ জানুয়ারি থেকে এ খাত দু’টি অকৃষিজাত পণ্যের আওতায় চলে আসে।

তবে কোটা পরবর্তী সময়ে সাব সাহারান অঞ্চলসহ অন্যান্য স্বল্পোন্নত দেশ যুক্তরাষ্ট্রে তাদের পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা পাওয়ার কারণে খুব একটা সমস্যায় পড়েনি। কিন্তু বাংলাদেশ, নেপাল ও ক্যাম্বোডিয়াসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশসমূহ  যুক্তরাষ্ট্রে উল্লেখযোগ্যভাবে তাদের বাজার হারিয়েছে।

তৈরি পোশাকের সবচেয়ে বৃহৎ বাজার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশের প্রায় ২০ লাখ লোক তাদের জীবনযাত্রা নির্বাহের জন্যে গার্মেন্টস খাতের ওপর নির্ভরশীল। এর মধ্যে নারীর সংখ্যা ৮০ শতাংশ।

এদিকে হংকংয়ে অনুষ্ঠিত ডব্লিউটিও’র মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফলাফলের ওপর নির্ভর করেই মার্কিন বাণিজ্য আইন ২০০৫ এর ব্যাপারে মধ্যস্থতা করবে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্বল্পোন্নত দেশের জোট।