বিমানের হজ্ব ফ্লাইট শুরু, প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন (আপডেট)
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের হজ্ব ফ্লাইট রোববার শুরু হয়েছে। প্রধানমন্ত্রী খালেদা জিয়া সকাল সাড়ে ১১ টায় জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে প্রথম হজ্ব ফ্লাইট উদ্বোধন করেন। প্রথম হজ্ব ফ্লাইটে যাত্রী হন ২৭৪ জন ব্যালটি হাজ্বী।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক প্রতিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিমানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান, সিভিল এভিয়েশন চেয়ারম্যান এয়ার কমডোর একেএম হারুন চৌধুরীসহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে বিমান প্রতিমন্ত্রী মির্জা ফখরুল সংস্থার কুর্মিটোলার সদর দফতর ‘বলাকায়’ আয়োজিত এক সংবাদ সম্মেলনে জানান, বিমান এ বছর ৮৬ টি ফ্লাইট পরিচালনা করে মোট দু’হাজার ৬২১ জন ব্যালটি হাজ্বীকে জেদ্দা পৌঁছে দেবে। হজ্ব ফ্লাইট চলবে ৪ জানুয়ারি পর্যন্ত। ফিরতি হজ্ব ফ্লাইটও হচ্ছে ৮৬টি। ১৩ থেকে ৭ ফেব্র“য়ারি পর্যন্ত চলেবে ফিরতি হজ্ব ফ্লাইট।
বিমান প্রতিমন্ত্রী জানান, বিমানের ভাড়া করা কর্স এয়ারের বোয়িং -- ৭৪৭ -- ৩০০ শুক্রবার দেশে পৌঁছানোর পর এই উড়োজাহাজটি দিয়েই হজ্ব ফ্লাইট শুরু করা হয়েছে। উড়োজাহাজটিতে রয়েছে ৫৭৬ টি আসন।
তিনি আরো জানান, এছাড়া এয়ার লাক্সারের কাছ থেকে বিমানের ভাড়া করা আরেকটি এয়ারবাস -- ৩৩০ -- ৩০০ সোমবার ঢাকায় পৌঁছানোর কথা। এই উড়োজাহাজটিতে আসন থাকছে ৩৮৭ টি।
তবে বিমানের ভাড়া করা কাঙ্খিত তৃতীয় বোয়িং -- ৭৪৭ -- ৩০০ উড়োজাহাজটি কবে নাগাদ দেশে পৌঁছবে, সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি।
মির্জা ফখরুল বলেন, আমরা উড়োজাহাজ ভাড়া করার আপ্রাণ চেষ্টা করছি। তা সম্ভব না হলে বিমান নিজেস্ব উড়োজাহাজ দিয়েই হজ্ব ফ্লাইট চালাবে। তবে এ জন্য আন্তর্জাতিক রুটের কয়েকটি ফ্লাইট কাটছাঁট করতে হবে। তবে বিমানের জেদ্দাগামী নিয়মিত ফ্লাইটেও হজ্ব যাত্রী পরিবহন করা হবে।
এক প্রশ্নের জবাবে বিমানের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমান স্বীকার করে বলেন, যথাযথ নিয়মনীতি মেনে ওই দুটি উড়োজাহাজ ভাড়া করা হয়নি। কেননা অতি জরুরি ভিত্তিতে আমাদের উড়োজাহাজ ভাড়া করতে হয়েছে। তবে এ জন্য বিমানের পরিচালনা পর্ষদ আমাদের অনুমতি দিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ বছর ব্যালটি হাজ্বীদের বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে ৯৫০ মার্কিন ডলার। নন -- ব্যালটি হাজ্বীর সংখ্যা প্রায় ৪০ হাজার। তাদের বিমান ভাড়া পড়বে এক হাজার ৫০ মার্কিন ডলার।
এতে আরো বলা হয়, বিমানের পাশাপাশি বিদেশী এয়ারলাইন্সগুলোও তাদের নিয়মিত ফ্লাইটে আরো ১০ থেকে ১২ হাজার হজ্ব যাত্রী পরিবহন করবে।
