নগরীর শ্যামপুর থেকে ১৪১ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার
নগরীর শ্যামপুর থানার দনিয়া এলাকা থেকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশ ১৪১ রাউন্ড গুলিসহ একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করেছে।
দনিয়া কলেজের সামনে অস্ত্র ও গুলিসহ একটি ব্যাগ নিয়ে পালানোর সময় পুলিশের চ্যালেঞ্জে বহনকারীরা ব্যাগটি রেখে পালিয়ে যায়।
ডিবি পুলিশ জানায়, সন্ধ্যা থেকে তারা কলেজের সামনে একটি চেকপোস্ট বসায়। রাত ১১টা ৪০ মিনিটের দিকে ডিবি সদস্যদের সন্দেহ হলে মোটর সাইকেল আরোহী দুই যুবককে তারা চ্যালেঞ্জ করে। এসময় ওই দুই যুবক তাদের সঙ্গে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়।
ডিবি সদস্যরা ব্যাগ এর মধ্যে থেকে একটি একে-৪৭ রাইফেল, ১৪ রাউণ্ড একে-৪৭ রাইফেলের গুলি ও দুটি ম্যাগজিন এবং বিভিন্ন অস্ত্রের ১২৭ রাউন্ড গুলি উদ্ধার করে।
ডিবি পুলিশের সহকারি কমিশনার মোহাম্মদ কুদ্দুস বিডিনিউজকে বলেন, তারা বহনকারীদের তাড়া করলেও ধরতে পারেনি।
তিনি বলেন, রাস্তায় অন্যান্য যানবাহন থাকায় তাদের থামাতে পুলিশ গুলি করতে পারিনি।
