দেশব্যাপী বোমা হামলার প্রতিবাদে চট্টগ্রামে জুম্মার নামাজের পর বিক্ষোভ মিছিল
আত্মঘাতী বোমা হামলার প্রতিবাদে শুক্রবার জুম্মার নামাজের পর চট্টগ্রামের প্রধান প্রধান মসজিদগুলো থেকে মুসল্লীরা মিছিল বের করেছে।
প্রধান দুটি মসজিদ জমিয়তুল ফালাহ ও আন্দরকিল্লা শাহী জামে মসজিদসহ বিভিন্ন এলাকার মসজিদ থেকে ১০টি মিছিল বের হয় বলে পুলিশ সূত্র জানায়।
জুমার নামাজের খুৎবায় বিভিন্ন মসজিদের ইমামরা কোরআন ও হাদীসের আলোকে আত্মঘাতী বোমাবাজ ও তাদের সংগঠনের কর্মকান্ডকে অবৈধ বলে আখ্যা দেন।
খুৎবায় ইমামরা বলেন, হযরত মোহাম্মদ(সঃ) কেবল মাত্র মদীনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পর আত্মরক্ষার জন্য যুদ্ধ করেছেন।
ধর্মের নামে দেশে সাধারণ মানুষের উপর বোমা হামলা পবিত্র ধর্ম ইসলামের ভাবমূর্তি ক্ষুন্ন করছে উল্লেখ করে ইমামরা বলেন, এই হামলা ইসলাম ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করছে।
এদিকে জুম্মার নামাজের পরের প্রতিবাদ মিছিলের নিরাপত্তা নিয়ে পুলিশসহ সব মহলে ছিল চরম উৎকন্ঠা।
নগরীর সবগুলো মসজিদে নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি বিভিন্ন মসজিদ কর্তৃপক্ষও নিজস্ব নিরাপত্তা রক্ষী নিয়োগ করে।
নগরীতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ব্যাপক তল্লাশি অভিযান চালানো হয়।
সিএমপি’র সহকারী কমিশনার(গোয়েন্দা) মোশারফ হোসেন মিয়াজী বিডিনিউজকে জানান, প্রায় অর্ধশত সন্দেহভাজনকে গ্রেফতার করা হলেও জিজ্ঞাসাবাদের পর এদের অনেককে ছেড়ে দেয়া হয়েছে।
