ঢাবি’তে নিরাপত্তা জোরদারের কথা বলা হলেও অধিকাংশ হল ও এলাকা এখনো অরক্ষিত
দেশের বিরাজমান পরিস্থিতিতে এবং একাধিক হুমকি পাওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আবাসিক হলগুলোতে সতর্কতা এবং নিরাপত্তার কথা বলা হলেও শুক্রবার পর্যন্ত ছাত্রীদের হলগুলো ছাড়া অন্য কোথাও নিরাপত্তা জোরদার করা হয়নি।
প্রক্টর আকা ফিরোজ আহমেদ অবশ্য বিডিনিউজকে বলেছেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। হলগুলোতে নিরাপত্তার জন্য মেটাল ডিটেক্টর দেওয়া হবে, প্রয়োজন হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব নিরাপত্তা কর্মী নিয়োগ করবে।
এছাড়াও বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় এলাকা এবং প্রতিটি আবাসিক হলে প্রবেশের সময় শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন করতে হবে।
এসব সিদ্ধান্তের কিছুটা ছাত্রী হলগুলোতে পালন করা হলেও ছাত্রদের হলগুলোসহ বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ এলাকা এখনো অরক্ষিত রয়ে গেছে।
সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের ঢুকতে দেওয়া হবেনা এমন আদেশ থাকলেও তা পালন করা হচ্ছেনা।
শুক্রবার টিএসসির রাজু চত্বরে কথা হয় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সোহাগের সাথে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ নিয়ম সম্পর্কে জানেন না। বরং তার কাছে কেউ পরিচয় পত্র দেখতে না চাওয়ায় বিস্ময় প্রকাশ করেন এ নিয়ম সম্পর্কে।
ছাত্ররা জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, এ এফ রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হলসহ বেশ কিছু হলে নিরাপত্তার কথা বলা হলেও তা নিশ্চিত করা হয়নি। এসব হল এখনো বহিরাগতমুক্ত নয় বলে তারা জানিয়েছে।
বৃহস্পতিবার বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলে বোমা হামলার হুমকির ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হলের ছাত্রীদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে ফজিলাতুন্নেছা হল কর্তৃপক্ষ এবং বাংলাদেশ - কুয়েত মৈত্রী হল কর্তৃপক্ষ হলের প্রধান ফটক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। হলের গেটে তিনজন পুলিশ মোতায়েন করা হয়েছে। হল কর্তৃপক্ষ জানায়, সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী হলে প্রবেশের সময় ছাত্রীদের চেক করা হচ্ছে।
এছাড়া শামসুন্নাহার হল এবং বেগম রোকেয়া হলেও প্রবেশের সময় ছাত্রীদের চেক করা হচ্ছে।
মেয়েদের আবাসিক হলগুলোতে বোরখা পরা শিক্ষার্থীদের প্রতি নজর রাখতে বলেছে হল কর্তৃপক্ষ।
বিভিন্ন স্কুল ও কলেজের বোরখা পরা অপরাধীদের রুখতে এ ধরনের কড়াকড়ি আরোপ করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের স্বাভাবিকভাবে বোরখাপরা শিক্ষার্থীদের সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের ক্যাম্পাসে প্রবেশের অনুমতি দিতে বলেছে। তাদের ব্যাপারে সতর্কও থাকতে বলা হয়েছে। একই সাথে নতুন করে কোনও শিক্ষার্থী বোরখা পরতে শুরু করলে তার ওপর নজরদারি করতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।
