২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি সন্দেহে সারা দেশে ২৪ জন গ্রেপ্তার

নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন, বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে সারা দেশে বুধবার রাত ও বৃহস্পতিবার পুলিশ কমপক্ষে ২৪ জনকে গ্রেপ্তার করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2005, 07:55 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

মেহেরপুর, নোয়াখালী, নারায়ণগঞ্জ ও শেরপুর, পঞ্চগড়, শেরপুর, দিনাজপুর বাগেরহাট, বগুড়া এবং চাঁদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর থেকে বৃহস্পতিবার সকালে জেএমবি’র এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে জামাল উদ্দিন নামে এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। তার বাড়ি সুনামগঞ্জ জেলায়। মেহেরপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামাল উদ্দিনকে মেহেরপুর জেলার সদর থানার হোটেলগঞ্জ এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

বিডিনিউজ নেয়াখালী প্রতিনিধি জানান, বুধবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ৬নং রাজগঞ্জ ইউপি চেয়ারম্যান ওবায়েদুল¬্যাহর খবরের প্রেক্ষিতে পুলিশ মো. ইউছুফ (২৫) নামে এক ব্যক্তিকে রাজগঞ্জ বাজার মসজিদ থেকে গ্রেপ্তার করে। পরে ইউছুফের স্বীকারোক্তি অনুযায়ী অপর তিন সহযোগী ওমর ফারুক (৩২), মো. রেজাউল করিম (২৭) ও আবু জাফর (২৮)কে গ্রেপ্তার করা হয়। পুলিশ গ্রেপ্তারকৃত সন্দেহভাজন জেএমবি সদস্যদের কোর্টে পাঠিয়ে রিমান্ড চাইবে। গ্রেপ্তারকৃতরা জানায়, তারা সততা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার নামে একটি প্রতিষ্ঠানের নামে বিভিন্ন গ্রামে ভ্রাম্যমাণ দর্জি বিজ্ঞান কলেজের মাধ্যমে বেকার যুবক--যুবতীদের সেলাই প্রশিক্ষণ দিয়ে থাকে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে।

বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, ফতুল্ল¬া থানা পুলিশ বৃহস্পতিবার ভোরে থানার মুসলিমনগর এলাকা থেকে জেএমবি সদস্য সন্দেহে দু’জনকে আটক করেছে। আটককৃতরা হলো-- আব্দুল মালেক (৫৩) এবং নুরুল হক (৪৫)। তবে তারা উভয়েই নিজেদের গার্মেন্টস শ্রমিক বলে দাবি করছে। 

বিডিনিউজ শেরপুর প্রতিনিধি জানান, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গড়কান্দা মসজিদের সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় বুধবার রাতে পুলিশ জেএমবি সদস্য সন্দেহে মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ওরফে ডাকসু (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে জিআর কগনিজেন্স ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

বিডিনিউজ পঞ্চগড় প্রতিনিধি জানান, পঞ্চগড়ের ধাক্কামারা রেজিস্ট্রি অফিসের সামনে থেকে বুধবার ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি মিনিবাসে তল¬াল্লি চালিয়ে পুলিশ সন্দেহভাজন জেএমবি সদস্য হিসেবে সৈয়দ আখতার হোসেন (২০) এবং রেজাউল করিমকে (২৪) আটক করে। তাদের জিজ্ঞাসাবাদের জন্যে পাঁচ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। বৃহস্পতিবার পঞ্চগড়ের প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলামের আদালতে হাজির করে তাদের রিমান্ডে নেয়া হয়।

বিডিনিউজ মাগুরা প্রতিনিধি জানান, মাগুরায় জেএমবি ক্যাডার সন্দেহে বুধবার রাতে পুলিশ শওকত আলী নামে এক যুবককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, মাগুরা সদর উপজেলার বেড় আকসি গ্রামের শওকত আলী জেএমবির জঙ্গি বাহিনীর সাথে যুক্ত বলে অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

বিডিনিউজ চট্টগ্রাম অফিস জানায়, পুলিশ বুধবার রাতে জেএমবির এক প্রশিক্ষকসহ পাঁচ জঙ্গিকে ঢাকার পল্লবী থেকে গ্রেপ্তার করেছে।

চট্টগ্রামে গ্রেপ্তারকৃত জঙ্গি মিলন ইসলাম মিঠুর দেওয়া তথ্য অনুযায়ী এই পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, পল্লবী থেকে গ্রেপ্তার হওয়া জেএমবি প্রশিক্ষকের নাম নুরুল ইসলাম জুয়েল(৩৫)। তার বাড়ি জামালপুর জেলায়।

কারাতে ব্ল্যাক বেল্ট অর্জনকারী জঙ্গি প্রশিক্ষক জুয়েলসহ পাঁচ জঙ্গিকে বুধবার রাতে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে।

জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে সে স্বীকার করেছে, ছয় মাস আগে জেএমবি প্রধান আবদুর রহমানের ভাই আতাউর রহমান সানির মাধ্যমে সে জঙ্গিদের প্রশিক্ষক হিসেবে নিয়োগ পায়।

তার তত্ত্বাবধানে ঢাকা ও গাজীপুরে জেএমবির কয়েকটি শারীরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিচালিত হতো।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (গোয়েন্দা) মোশারফ হোসেন মিয়াজী বিডিনিউজকে জানিয়েছেন, জুয়েল ছাড়া অপর চার জঙ্গির কার্যকলাপ সম্পর্কে পুলিশ এখনও পুরোপুরি ধারণা পায়নি। তাই তাদের নাম পরিচয় আপাতত প্রকাশ করা হচ্ছে না।

বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ পুলিশের একাধিক টিম তাদের জিজ্ঞাসাবাদ করছে বলেও তিনি জানিয়েছেন।

বিডিনিউজ দিনাজপুর প্রতিনিধি জানান, জেএমবি সন্দেহে কোতোয়ালী থানা পুলিশ আবুল কালাম মোহাম্মদ মোখলেচুর রহমান (৪০), খলিলুর রহমান (৬৩), আজিজুর রহমান (৬৫) এবং আকবর হোসেন (৬০) নামে চারজনকে আটক করেছে।

গ্রেপ্তারকৃতরা গোপালগঞ্জের একটি খানকায় তরিকা প্রচার করছিল। আচরণ রহস্যজনক মনে হওয়ায় তাদের আটক করা হয়। অন্যদিকে বৃহস্পতিবার জেএমবি সদস্যরা জেলার বিরামপুর ও চিরি বন্দর উপজেলার ইউএনওকে বোমা মেরে হত্যার হুমকি দিয়ে চিঠি পাঠিয়েছে।

বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাট গোয়েন্দা পুলিশ বৃহস্পতিবার ভোরে সালেম বিল্লাহ (২৯) নামে সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করেছে। শহরের বাসাবাটি এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ বিল্লাহকে গেপ্তার করে। বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, সালেম বিল্লাহকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে জেএমবির কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। সে শহরের বাসাবাটি এলাকার আব্দুল্লাহর পুত্র।

বিডিনিউজ বগুড়া প্রতিনিধি জানান, পুলিশ বুধবার রাতে শহরের খোকন পার্ক এলাকা থেকে হাফেজ মোজাম্মেল হক (৩০) ও বৃহস্পতিবার দুপুরে স্টেশন রোড এলাকা থেকে মামুনুর রশিদ নামে মসজিদের এক ইমামকে জঙ্গি সন্দেহে আটক করেছে।

সূত্র জানায়, পুলিশের জিজ্ঞাসাবাদে অসংলগ্ন আচরণ করায় মোজাম্মেল হককে আটক করা হয়।

অন্যদিকে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পরাণপুর এলাকার আব্দুর রহমানের ছেলে ও দিনাজপুর বড়পুকুরিয়া মজজিদের সহকারী ইমাম বলে দাবি করা মামুনুর রশিদকে পুলিশ দুপুরের দিকে আটক করে। সে বলেছে, ট্রেন ধরতে না পারায় বাসযোগে দিনাজপুর যাওয়ার উদ্দেশ্যে সে শহরের হাড্ডিপট্টি বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।

এদিকে বিডিনিউজ চাঁদপুর প্রতিনিধি জানান, জেলার কচুয়ার আকানিয়া গ্রামের গোফরান চৌধুরী (২২) নামে এক জেএমবি সদস্য বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেছে।