বাংলাদেশ জিহাদের জন্যে নয়: যশোর ইমাম পরিষদ
যশোর জেলা ইমাম পরিষদের নেতৃবৃন্দ বলেছেন, যারা দেশের স্বাধীনতাবিরোধী ইসলামের অগ্রযাত্রা ব্যাহতকারী অপশক্তিই বোমাবাজদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা করছে।
দেশব্যাপী সন্ত্রাস ও নৃশংস বোমা হামলার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা একথা বলেন।
নেতৃবৃন্দ বলেন, দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে যারা বোমাবাজি, সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যা করছে, তারা গণবিচ্ছিন্ন।
তারা বলেন, ১৭ আগস্ট দেশব্যাপী বোমা হামলার পর থেকে এ পর্যন্ত জেএমবির নামে যা করা হচ্ছে, তা অনৈসলামিক। ইসলাম শান্তির ধর্ম। এখানে চরমপন্থার সুযোগ নেই।
সংবাদ সম্মেলনে পরিষদের নেতৃবৃন্দ জেএমবি সদস্যদের গ্রেপ্তারের নামে সাধারণ আলেম ওলামাদের হয়রানি না করারও আহ্বান জানান।
