নেত্রকোণায় বোমা বিস্ফোরণে হামলাকারী ও উদীচী নেতাসহ ৮ জন নিহত, আহত অর্ধ শতাধিক, ১ম লিড
স্বরাষ্ট্রমন্ত্রীর নিজ জেলা নেত্রকোণায় বৃহস্পতিবার সকালে আত্মঘাতী হামলাসহ পৃথক বোমা বিস্ফোরণে আটজন নিহত এবং ৬ পুলিশসহ অর্ধ শতাধিক আহত হয়েছে।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আত্মঘাতী হামলাকারী ও জেলা উদীচীর যুগ্ম আহ্বায়কসহ তিন ঘটনাস্থলেই মারা যায়। অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে এবং আরও তিনজন ময়মনসিংহ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে।
তারা হলেন - জেলা উদীচীর যুগ্ম আহ্বায়ক খাজা হায়দার হোসেন, জনৈক আবদুস সামাদের স্ত্রী জাহানারা (৩৫) এবং স্থানীয় একটি ওয়েলডিং কারখানার শ্রমিক যাদব (৩২)।
আত্মঘাতি হামলাকারীর পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩২।
বোমা হামলায় আট বছরের এক শিশুও আহত হয়েছে।
গুরুতর আহত অবস্থায় ৩০ জনকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ২০ জনকে নেত্রকোণা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এ ঘটনায় নেত্রকোণা আসছেন।
প্রথম বিস্ফোরণটি ঘটে সকালে ৯টা ৪০--এ শতদল ক্লাব ও উদীচী কার্যালয়ের সামনে।
গুঁড়ো দুধের কৌটায় একটি বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ও দমকল বাহিনী এসে পানি দিয়ে বোমাটি নিস্ক্রিয় করার সময় এটি বিস্ফোরিত হয়। এসময় দুই পুলিশসহ তিনজন আহত হয়।
প্রথম বোমা হামলার খবর পেয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। পরিদর্শন শেষে তারা ফিরে যাওয়ার সময় আত্মঘাতী অপর হামলাটি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়। অপর দু’জনকে নেত্রকোণা সদর হাসপাতালে নেয়ার পর মারা যায়।
তবে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অক্ষত রয়েছেন।
জেএমবি’র উত্থানের পর তারা গত ১৪ অক্টোবর প্রথমবারের মতো আত্মঘাতি বোমা হামলা চালায়। ঝালকাঠিতে সংগঠিত ওই হামলায় দুই বিচারক নিহত হয়।
১৮ অক্টোবর জঙ্গিদের বোমা হামলা থেকে অল্পের জন্য বেঁচে যান সিলেটের দ্রুত বিচার আদালতের একজন বিচারক।
২৯ নভেম্বর আত্মঘাতী হামলাকারীরা গাজীপুর এবং চট্টগ্রাম আদালতে বোমা হামলা চালালে মোট ১৩ জন নিহত হয়। ১ ডিসেম্বর গাজীপুরে আবার হামলা চালানো হলে একজন নিহত ও ২০ জন আহত হয়।
