নরসিংদীতে গণপিটুনিতে ডাকাত নিহত
নরসিংদীর কাঁঠালিয়া উপজেলায় বুধবার জনতার গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে।
সূত্র জানায়, ১০ থেকে ১২ জন ডাকাতের একটি দল বুধবার রাতে কাঁঠালিয়া উপজেলার ব্যবসায়ী আমির আলীর বাড়িতে ডাকাতির জন্যে হামলা চালায়। বাড়ির মালিক একজন ডাকাতকে ধরে ফেলে চিৎকার দেয়।
পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যদের ইঙ্গিতে জনতা ধৃত ডাকাত আমির হোসেনকে গণপিটুনি দেয়। এক পর্যায়ে সে ঘটনাস্থলেই মারা যায়। জনতা তার লাশ পাশের এক মাঠে ফেলে রাখে।
স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। তারা ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে নাম গোপন রাখার শর্তে কয়েকজন গ্রামবাসী বলেছেন, ধৃত ডাকাত তার সহযোগীদের নাম প্রকাশ করার চেষ্টা করলে ইউপি সদস্যের লোকজন তাকে পুলিশের কাছে সোপর্দ করার পরিবর্তে পিটিয়ে হত্যা করেছে।
