২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনার পদ্মার চর থেকে জনযুদ্ধের ৩ সন্ত্রাসী গ্রেপ্তার

পাবনা পুলিশ বুধবার জেলার প্রত্যন্ত পদ্মার চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদসহ নিষিদ্ধঘোষিত চরমপন্থি দল জনযুদ্ধের টিক্কা বাহিনীর সামরিক প্রধানসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Dec 2005, 06:05 PM

Updated : 26 Apr 2022, 06:22 PM

পাবনা পুলিশ সুপার এম খুরশিদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুক হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বুধবার দুপুর ১টার দিকে সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ তিন রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে।

পরে পুলিশ পদ্মা নদীর এক নৌকা থেকে নিষিদ্ধঘোষিত চরমপন্থি দল জনযুদ্ধের টিক্কা বাহিনীর সামরিক শাখার প্রধান নুরুল ইসলাম ও তার দুই সহযোগী আফজাল হোসেন ও মনিরুল ইসলামকে গ্রেপ্তার করে।

এসময় পুলিশ তাদের কাছ থেকে একটি পয়েন্ট ২২ বোর রাইফেল, তিনটি বিদেশী একনলা বন্দুক এবং ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করে।

ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।