ডব্লিউটিও মিনিস্টিরিয়ালের জন্যে বাংলাদেশ ১৫টি অগ্রাধিকার নির্ধারণ করেছে
ডব্লিউটিও মিনিস্টিরিয়ালে উপস্থানের জন্যে বাংলাদেশের পক্ষ থেকে ১৫টি অগ্রাধিকারভিত্তিক ইস্যু নির্ধারণ করেছে সরকার। সরকারি সূত্রগুলো এ তথ্য জানিয়েছে। আগামী ১৩- ১৪ ডিসেম্বর হংকং এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
স্বল্পোন্নত দেশগুলো থেকে শুল্কমুক্ত ও কোটামুক্ত পদ্ধতিতে পণ্য প্রবেশাধিকার প্রদানে উন্নত দেশগুলোর অঙ্গীকার আদায়, রিডাকশন কমিটমেন্টগুলো থেকে স্বল্পোন্নত দেশগুলোকে বাদ রাখা, ভিসা সহজীকরণ ইত্যাদি বিষয়ে বাংলাদেশ আসন্ন বৈঠকে জোর দেবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়।
সেফগার্ড ব্যবস্থা স্থগিত রাখা, স্বল্পোন্নত দেশগুলোর বিরুদ্ধে এন্টি-ডাম্পিং ব্যবস্থা বাংলাদেশের অন্য দুটি গুরুত্বপূর্ণ ইস্যু।
এছাড়াও বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে স্বল্পোন্নত দেশগুলোকে সহায়তা প্রাদানের দিকটিতে গুরুত্ব দেবে।
বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের উপপরিচালক শরিফা খানম বিডিনিউজকে বলেন, জুন ২০০৫ এ গৃহীত লিভিংস্টোন ঘোষণা’র ওপর ভিত্তি করে আমরা আসন্ন বৈঠকে ১৫টি ইস্যু উত্থাপন করবো।
তবে এর বাইরে লিভিংস্টোন ঘোষণায় স্বল্পোন্নত দেশগুলোর জন্যে যে ৩৯ দফা সুপারিশ করা হয়েছিলো সেগুলোর ব্যাপারেও বাংলাদেশ সোচ্চার থাকবে।
