নাইকোর কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে পেট্রোবাংলা
টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে খননকালে দু’ দফা দুর্ঘটনার জন্য নাইকোর কাছে মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ক্ষতিপূরণ দাবি করেছে পেট্রোবাংলা।
নাইকোর পক্ষ থেকে এ ক্ষতিপূরণ দাবি গ্রহণ করে আইনগত মতামতের জন্যে কানাডায় পাঠানো হয়েছে।
কর্মকর্তারা জানান, পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) রায়হানুল আবেদীনের স্বাক্ষর করা এক চিঠিতে নাইকোর কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করা হয়।
এতে বলা হয়, পুড়ে যাওয়া ৩ বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের বদলে নাইকোকে বিনা মূল্যে এই পরিমাণ গ্যাস সরবরাহ করতে হবে। এছাড়া, সাব সারফেসে আরো ৫ দশমিক ৮৯ বিসিএফ গ্যাস পুড়ে গেছে। এর জন্যও ক্ষতিপূরণ প্রদান করতে হবে। তবে সারফেস গ্যাসের দাম পরিশোধ করতে হবে নাকি বিনা মূল্যে সরবরাহ করতে হবে তা জানা যায়নি।
চিঠিতে বলা হয়, মজুদ স্তরে গ্যাসের কি পরিমাণ ক্ষতি হয়েছে তা উৎপাদন শুরুর আগে নির্ধারণ করা সম্ভব নয়। তাই আগামীতে সম্ভাব্য ক্ষতিপূরণ আদায়ের জন্য নাইকোকে ৪৫ বিসিএফ গ্যাসের সমপরিমাণ অর্থ ব্যাংক গ্যারান্টি হিসাবে পেট্রোবাংলাকে প্রদান করতে হবে।
ক্ষতিপূরণ দাবি নামায় পরিবেশের ক্ষতির জন্য চাওয়া হয়েছে ৮৪ কোটি টাকা।
প্রধানমন্ত্রীর অনুমোদনের পর ক্ষতিপূরণ চাওয়া হয়েছে বলে সূত্র জানায়।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্সের) সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তির (জেভিএ) আওতায় নাইকো ছাতক গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানকালে জানুয়ারি মাসে প্রথম দুর্ঘটনা ঘটে। এই দূর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্য রিলিফ কূপ খননকালে আবার দূর্ঘটনা ঘটে জুন মাসে। অক্টোবর মাসে দ্বিতীয় রিলিফ কূপ খনন করে দূর্ঘটনা কবলিত কূপ সফলভাবে বন্ধ করতে পারার দাবি করেছে নাইকো। অবশ্য বাপেক্স দাবি করেছে এটি সফলভাবে নিয়ন্ত্রণ করা হয়নি বলে স্বল্পমাত্রায় হলেও এখনো আগুন জ্বলছে।
গত মাসে নাইকোর নির্বাহী চেয়ারম্যান এডওয়ার্ড এস স্যাম্পসন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে দেখা করে ছাতক গ্যাস ক্ষেত্র উন্নয়নের অনুমতি চায়। এর জবাবে উপদেষ্টা নাইকো চেয়ারম্যানকে জানান, টেংরাটিলা দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে সম্মত না হওয়া পর্যন্ত এই গ্যাস ক্ষেত্র উন্নয়নের অনুমতি দেওয়া হবে না।
স্যাম্পসন বিডিনিউজের সাথে আলাপকালে বলেছেন, এই শিল্পে দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা। বিশ্বে বছরে প্রায় ৩০০টি এই ধরনের দুর্ঘটনা ঘটে। কিন্তু কোথাও পুড়ে যাওয়া গ্যাসের জন্যে ক্ষতিপূরণ দিতে হয় না।
অবশ্য স্যাম্পসন জ্বালানি উপদেষ্টাকে বলেছেন, পেট্রোবাংলা ক্ষতিপূরণ দাবি পেশ করলে নাইকো জেভিএ অনুসরণ করে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
