চট্টগ্রামে ইপিজেড শ্রমিককে অপহরণকালে ২ অপহরণকারী গ্রেপ্তার
পুলিশ পরিচয়ে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় সিইপিজেডের এক কর্মীকে কর্ণফুলী নদী থেকে উদ্ধার এবং দুই অপহরণকারীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড সদস্যরা ।
কোস্টগার্ড সুত্র জানায়, মঙ্গলবার বেলা ১১টায় চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (সিইপিজেড) শ্রমিক মোহাম্মদ ইকবালকে দুই যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ধরে নিয়ে যায়। ইকবাল সিইপিজেডের মাল্টি হ্যাটস্ নামের একটি প্রতিষ্ঠানের শ্রমিক।
দুপুর ১২টায় মোহাম্মদ ইকবালকে অপহরণকারীরা পতেঙ্গা এলাকা দিয়ে কর্নফুলী নদীর দক্ষিণ পাড়ে নিয়ে যাওয়ার সময় কোস্টগার্ডের টহল দলের সামনে পড়ে। কোস্টগার্ড সদস্যরা অপহরণকারীদেরসহ ইকবালকে কোস্টগার্ড পূর্বাঞ্চলীয় সদর দপ্তরে নিয়ে আসে।
অপহৃত ইকবাল চুয়াডাঙ্গা সদর উপজেলার সারিয়ডাঙ্গা গ্রামের কামাল হোসেনের ছেলে।
কোস্টগার্ডের জিজ্ঞাসাবাদে দুই অপহরণকারী নিজদের জাবেদ ও ইকবাল বলে পরিচয় দেয়। জাবেদ পতেঙ্গা থানার বন্দরটিলার জয়নাল আবেদীনের ছেলে এবং ইকবাল বাগেরহাটের মংলা থানার আবদুল আহাদের ছেলে।
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, পাঁচ লাখ টাকা মুক্তিপণের জন্য মোহাম্মদ ইকবালকে অপহরণ করা হয়। জয়নাল আবেদীন নামের এক ব্যক্তির নির্দেশে তারা এ কাজ করে বলে জানায়।
দুই অপহরণকারী জাবেদ ও ইকবালকে পতেঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে।
