১৭ আগস্ট হামলা: মাদারীপুরে বাংলা ভাই ও আবদুর রহমানসহ ৬ জনকে আসামী করে চার্জশীট দাখিল
মাদারীপুরে পাঁচটি স্থানে ১৭ আগস্ট বোমা হামলার ঘটনায় দায়েরকৃত মামলার চার্জশীট দাখিল করা হয়েছে।
রোববার মাদারীপুর ম্যাজিস্ট্রেট আদালতে মোট ছয় জনকে আসামি করে চার্জশীটটি দাখিল করা হয়। চার্জশীটে শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুর রহমান ওরফে বাংলাভাই, মাওলানা আলী আহমদ, মুফতি মাওলানা আব্দুর রউফ, আব্বাস আকন এবং ইসমাইল খানকে আসামী করা হয়।
মামলার তদন্তকারী ও মাদারীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, মাদারীপুরে গ্রেপ্তারকৃত জঙ্গিনেতা আব্বাস আকন ও আসামী মাওলানা আলী আহমদের স্ত্রী উম্মে মারতুজা আদালতে স্বীকার করেছে যে, শায়খ আব্দুর রহমান ও বাংলাভাইয়ের নির্দেশে মাওলানা আলী আহমদ হরিকুমারিয়ায় তার নিজ বাড়িতে বসে মাদারীপুরে বোমা হামলার পরিকল্পনা করে।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী মাদারীপুর সদর হাসপাতাল মসজিদের সাবেক ইমাম মাওলানা আলী আহমদের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম ও জঙ্গিদের উষ্কানিমূলক বইপুস্তক পাওয়া যায় এবং বাড়ি সব মালামাল ক্রোক করা হয়।
