২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে নিহত আইনজীবীর স্ত্রীর আহাজারি: ২ ছেলে--মেয়ে নিয়ে আমি কোথায় দাঁড়াব

‘আমার স্বামী মানুষ মারার রাজনীতি পছন্দ করতো না। সব সময় বলতো, দেশে কী যে শুরু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2005, 08:16 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

নিজে বোমা হামলার শিকার হয়েও মনোবল হারায়নি, বলতো, দেখো আমার কিছু হবে না, ঠিকই সুস্থ হয়ে উঠব।’ এ কথা বলেই হাউমাউ করে কেঁদে ওঠেন গাজীপুরে ২৯ নভেম্বরের বোমা হামলায় নিহত আরো এক আইনজীবী আনোয়ারুল আজমের স্ত্রী আমেনা আক্তার ঝর্না (৩৮)।

হাসপাতালে শেষ সময়গুলোর স্মৃতিচারণ করে তিনি বলেন, শেষ মুহূর্ত পর্যন্ত ওর জ্ঞান ছিল। মনে জোর ছিল প্রচণ্ড। আমাকে বলতো, তুমি কাঁদ কেন? আমি ভাল আছি। দেখ না, বিভিন্ন টেস্টে (ডায়াগনোসিস) ভাল ফল পাওয়া গেছে।’

তিনি চিৎকার করে কেঁদে উঠে বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। দুই ছেলে মেয়ে নিয়ে এখন আমি কোথা গিয়ে দাঁড়াব। কীভাবে কাটবে এখন আমাদের বাকি জীবন?’

সোমবার বিকেলে কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের বাউমান তালাবহ গ্রামের বাড়িতে আনোয়ারুল আজমের মৃত্যুর খবরে ভিড় করা মানুষদের কাছে আমেনা আক্তারের এ প্রশ্নের কোনও জবাব ছিল না। তাকে স্বান্তনা দিতে এসে প্রতিবেশিরাও তার সঙ্গে কান্নায় ভেঙে পড়ে।  কাঁদতে কাঁদতেই ক্লাস এইটে পডুয়া টুম্পা জানায়, বাবার স্বপ্ন ছিল আমি বড় হয়ে ডাক্তার হবো। এখন বাবা নেই, আমি ডাক্তার হয়ে কী করবো? আমি আর পড়াশুনা করবো না।

বোমা হামলায় নিহত আইনজীবীর কফিনের পাশে সদ্য পিতা হারানো দুই ভাইবোন আফিয়াতুল আজম টুম্পা (১৩) এবং  আতিকুল ইসলাম তন্ময় (৭) এসময় কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিল।

বাউমান তালাবহ গ্রামের এ বাড়িতেই আনোয়ারুল আজমের জন্ম থেকে বেড়ে ওঠা। জিনাত আলী ও শরীফুন্নেসার তিন ছেলে ও ছয় মেয়ের মধ্যে আজম ছিলেন সবার বড়। বাবা জিনাত আলী গাজীপুর আদালতের সরকারি উকিল ছিলেন। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আজম ছিলেন সহকারী সরকারি উকিল।

বাবা মারা গেলেও আজমের বৃদ্ধা মা শরিফুন্নেচ্ছা এখনও বেঁচে আছেন। পরিবারের বড় ছেলের মৃত্যুর খবর তাকে অনেক পরে দেওয়া হয়। কিন্তু সকালে বাড়িতে লোকজনের আনাগোনা বেড়ে গেলে তিনি ছেলের অমঙ্গলের আচঁ করেন।

বিছানায় শুয়ে শুয়েই কান্না জড়িত কন্ঠের আহাজারিতে তিনি বলেন, ‘বুইড়্যা বয়সে পোলার মরণের কথা শুনতে হইল, পোলার লাশ দেখতে হইল। খোদা এইডা দেখনের লাইগ্যা আমারে বাঁচাইয়া রাখলো।’ 

আনোয়ারুল আজমের সহকর্মী আইনজীবী রীনা আক্তার বলেন, আজম ওই পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন। বাবা জিনাত আলী ৮৯ সালে মারা যাওয়ার পর তিনি সংসারের হাল ধরেন। স্ত্রী--সন্তান নিয়ে তিনি গাজীপুর শহরে থাকলেও নিয়মিত বাড়িতে যোগাযোগ রাখতেন। অন্য দুই ভাই চাকরি ও ব্যবসা সূত্রে বাড়ির বাইরে থাকায় মা শরিফুন্নেচ্ছার (৭০) খরচ তিনিই চালাতেন।

তিনি বলেন, আজমের অভাবে সংসারটির ভেসে যাওয়ার অবস্থা হয়েছে। তার স্ত্রীর কোনো চাকরি হলে হয়তো কিছুটা রক্ষা হবে।