জেএমবি-পুলিশ এনকাউন্টার: আগেয়াস্ত্রের ব্যবহারে জঙ্গিদের নতুন কৌশল
নিষিদ্ধঘোষিত জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এর জঙ্গিরা এর আগে বিস্ফোরকের মাধ্যমে হামলা চালালেও এই প্রথমবারের মত তারা আগ্নেয়াস্ত্রের মাধ্যমে আইন প্রয়োগকারী সংস্থার সাথে লড়াই করার কৌশল নিয়েছে।
১৭ আগস্ট হামলার পর এই প্রথম তারা টাঙ্গাইলে রোববার সকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। এসময় তিন পুলিশ আহত হয়।
স্থানীয় পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ স্থানীয় প্রভাতী ক্লাবের কাছে অভিযানে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের গুলি বিনিময়ের সময় ওই তিনজন আহত হয়। তাদের পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশরা হল- এসআই আবদুল হক, কনস্টেবল আবুল বাশার ও হুমায়ুন।
পুলিশ ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করেছে।
এ ব্যাপারে কেউ গ্রেপ্তার হয়নি।
এদিকে পুলিশ ও র্যাব সদস্যরা রোববার রাত ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে ৪১ জনকে আটক করেছে।
বিডিনিউজের টঙ্গী প্রতিনিধি জানান, জেএমবি সন্দেহে জেলার তুরাগ থানার হরিরামপুর ইউনিয়নের রানাভোলা গ্রাম থেকে পুলিশ রোববার ভোরের দিকে তিনজনকে আটক করে।
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, আনোয়ারুল হক (২০), মাহাবুবুর রহমান (২৫) ও আব্দুল মান্নান (২০)। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের আদালতে পাঠানো হয়।
বিডিনিউজ নোয়াখালী প্রতিনিধি জানান, শহরের প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনীর দুটি আবাসিক হোটেল থেকে বেগমগঞ্জ থানা পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করেছে।
আটককৃত নুরুল ইসলাম (৪৫) ও শরীফকে (২৪) ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।
আটক নুরুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সুধারামের নরসিংহপুর গ্রামে এবং শরীফের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায়।
বিডিনিউজ টাঙ্গাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইল ও সখীপুর থানা পুলিশ শনিবার গভীর রাতে জেএমবি সদস্য সন্দেহে পাঁচজনকে আটক করেছে।
সখীপুর থানা পুলিশ পাহাড়কাঞ্চনপুর আহলে হাদিস মসজিদের ইমাম হাফেজ আবদুল আজিজকে (৩০) আটক করে। তার বাড়ি বাসাইল উপজেলার হাবলা গ্রামে।
এদিকে টাঙ্গাইল থানা পুলিশ শহরের বিভিন্ন এলাকা এলাকা থেকে খাগড়াছড়ি জেলার হাজী মোহাম্মদ রফিকউদ্দিন (৫৫), ঢাকার মিরপুরের ফয়সাল হোসেন (২১), সিরাজগঞ্জের সাইফুল ইসলাম (১৮), টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মাথাইল গ্রামের আব্দুল মতিনকে আটক করে।
বিডিনিউজ ঝালকাঠি প্রতিনিধি জানান, সন্দেহজনক ঘোরাফেরার সময় পুলিশ রোববার সকালে শহরের পদ্মা ও মেঘনা পেট্রোলিয়াম তেল ডিপো এলাকা থেকে মো: নুরুল আলম ওরফে নুরনবী (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
তার কাছ থেকে পুলিশ ইসলামী বই, চাঁদা আদায়ের রশিদ, চেকবই, সীল ও পরিচয়পত্র উদ্ধার করে। পরিচয়পত্রে সে নারায়ণগঞ্জের ফতুল্লার একটি মসজিদের ইমাম বলে উল্লেখ রয়েছে।
আটক নুরনবীর বাড়ি ঝালকাঠির রাজাপুরে।
বিডিনিউজের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, শহরের একটি আবাসিক হোটেল থেকে শনিবার রাতে জঙ্গি সন্দেহে পুলিশ জিয়াউল হক (২৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে আটক করে।
আটক জিয়াউলের বাড়ি বরিশাল জেলার সদর উপজেলার কাটুরাকাঠি গ্রামে।
বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, আদালত চত্বরে সন্দেহজনক ঘোরাফেরার সময় রোববার দুপুরে পুলিশ জেএমবি সন্দেহে তিন ব্যক্তিকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, মোয়াজ্জেম হোসেন (৩০), আবদুস সবুর (২৯) ও তৌহিদুল ইসলাম মামুন (২৮)। তাদের সকলের বাড়ি রাজশাহী জেলায়।
বিডিনিউজ রাজবাড়ী প্রতিনিধি জানান, রেলস্টেশন এলকায় সন্দেহজনক ঘোরাফেরার সময় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ রোববার সকালে জঙ্গি সন্দেহে মনিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে।
আটক মনিরুলের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।
বিডিনিউজ লালমনিরহাট প্রতিনিধি জানান, র্যাবের গোয়েন্দারা জেলা থেকে জেএমবি সন্দেহে দুই যুবককে আটক করেছে।
আটক দুই যুবকের নাম, আমিনুল (৩১) ও শফিউল্লাহ (২০)। র্যাবের গোয়েন্দারা শনিবার রাতে আমিনুলকে তার ব্যবসা প্রতিষ্ঠান শহরের চুড়িপট্টি থেকে আটক করে। আর আমিনুলকে আটক করে অদিতমারী ডিগ্রি কলেজ থেকে।
বিডিনিউজ বাগেরহাট প্রতিনিধি জানান, ডিবি পুলিশ রোববার ভোরে শহরের নাগেরবাজার এলাকা থেকে মঞ্জুরুল পাইক (৩৭) নামের সন্দেহভাজন এক জেএমবি সদস্যকে গ্রেপ্তার করে।
বাগেরহাটের পুলিশ সুপার এম মোস্তফা কামাল জানান, গোপন সূত্রে খবর পেয়ে মঞ্জুরুলের নাগেরবাজারস্থ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেএমবি’র সদস্যদের সাথে তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
বিডিনিউজ চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, শহরের শিবতলা থেকে র্যাব-৫ জেএমবি সদস্য সন্দেহে ২ জনকে আটক করে। আটককৃতরা হলো- হামিদুর রহমান (২২) ও আল ফারুক।
বিডিনিউজ নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, গোয়েন্দা পুলিশ রোববার ভোরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান থেকে জেএমবি সন্দেহে আটজনকে আটক করেছে। আটককৃতরা হল- রূপগঞ্জ উপজেলার শিংলাবো গ্রামের নেয়ামুল হক (২৫), সফিউল্লাহ ওরফে হাফেজ (২২), কেশারাবো গ্রামের হাসান মিয়া (২৮), সফিউল্লাহ খান (২৮), রানীপুরার আলমগীর (১৮), মাসুম (১৬) এবং কেন্দুপাড়ার আবুল হোসেন মোল্লা (২০) ও হারুনুর রশিদ (৫৫)।
বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা গাজীপুর থেকে রোববার ১২ জনকে জেএমবি সন্দেহে আটক করেছে।
তাদেরকে পুলিশ জঙ্গি কার্যক্রমের সাথে জড়িত বলে অভিযুক্ত করে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে।
