বোমা হামলায় উদ্বেগ, মহিলা পুলিশ নিয়োগসহ শেখ হাসিনার নিরাপত্তা বৃদ্ধির অনুরোধ
দেশজুড়ে সাম্প্রতিক ভয়াবহ বোমা হামলার পরিপ্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবনে মহিলা পুলিশ নিযুক্ত করাসহ নিরাপত্তা বৃদ্ধির অনুরোধ জানানো হয়েছে।
এ লক্ষ্যে রোববার বিরোধী দলীয় নেতার কার্যালয় থেকে মহা পুলিশ পরিদর্শক বরাবর দু’টি চিঠি দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, ডিএমপি কমিশনার, ডিএমপি ডিসি (প্রটেকশন) ও এসবি’র এসএস (প্রটেকশন)’র কাছে এর অনুলিপি পাঠানো হয়েছে।
শেখ হাসিনার সহকারী একান্ত সচিব আলাউদ্দিন আহম্মদ চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, দেশে সাম্প্রতিক ভয়াবহ বোমা হামলার কারণে বিরোধী দলীয় নেতার বাসভবন সুধাসদনের নিরাপত্তা বৃদ্ধি করা একান্ত জরুরি।
সে লক্ষ্যে সুধাসদনের প্রবেশ পথে মহিলা সাক্ষাৎ প্রার্থী ও দর্শনার্থীদের নিরাপত্তা তল্লাশিতে মহিলা পুলিশ নিয়োগদানের জন্যে ইতোপূর্বে এসএস (প্রটেকশন)কে টেলিফোনে অনুরোধ জানানো হয়। কিন্তু এখন পর্যন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি, যা খুবই উদ্বেগজনক।
অপর চিঠিতে বলা হয়, বিরোধী দলীয় নেতার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এসবি এবং পুলিশ প্রটেকশনের সদস্যদের যখন তখন বদলির আদেশে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।
দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনের মাধ্যমে বর্তমানে নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্যরা সুষ্ঠু সমন্বয়ের মাধ্যমে কাজে অভ্যস্ত হয়ে পড়েছেন। তাদের স্থানে নতুন সদস্য নিয়োগের ফলে সমন্বয়হীনতার সৃষ্টি হতে পারে।
তাছাড়া সাম্প্রতিক ভয়াবহ বোমা হামলায় সৃষ্ট পরিস্থিতিতে বর্তমানে কর্মরত পরিচিত সদস্যদের দায়িত্ব পালনই উত্তম বলে মনে করেন বিরোধী দলীয় নেতা। তাই বর্তমানে কর্মরত সদস্যদের মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম অব্যাহত রাখার অনুরোধ জানানো হয়।
এছাড়া চিঠিতে উল্লেখ করা হয়, নতুন সদস্য নিয়োগ বা প্রতিটি পরিবর্তনের আগে বিরোধী দলীয় নেতার কার্যালয়ের মাধ্যমে তার মতামত নেয়াও আবশ্যক বলে তিনি মনে করেন।
