২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চিড়িয়াখানায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে যক্ষ্মা

ঢাকা চিড়িয়াখানায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে যক্ষ্মা। চিড়িয়াখানার মোট পশু পাখির প্রায় ৯০ ভাগই এ রোগে আক্রান্ত বলে আশঙ্কা করছে সংশ্লিষ্টরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইতোমধ্যে যক্ষ্মায় আক্রান্ত হয়ে একটি সিংহ ও একটি গয়ালের মৃত্যু হয়েছে। বর্তমানে এ রোগে আক্রান্ত বানর, ম্যান্ড্রিল ও হনুমানের চিকিৎসা চলছে।

চিড়িয়াখানা সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রাণীদের এসব রোগ চিড়িয়াখানার কর্মীদের মধ্যেও ছড়িয়ে পড়ছে। চিড়িয়াখানা কর্মীদের যক্ষ্মা আছে কিনা, তা দেখার জন্যে শিগগিরই বাধ্যতামূলকভাবে পরীক্ষার উদ্যোগ নেয়া হচ্ছে।

চিড়িয়াখানার পশু সল্য চিকিৎসক ডা. সেলিম ইকবাল জানিয়েছেন, সাধারণত দলবদ্ধভাবে বসবাস করা প্রাণীদের মধ্যে যক্ষ্মার প্রবণতা বেশি দেখা দিচ্ছে।

অপর একটি সূত্র চিড়িয়াখানার কর্মীদের মাধ্যমে যক্ষ্মা রোগ ছড়াতে পারে বলে ধারণা করছে। তারা বলছে, চিড়িয়াখানার কর্মীরা একই সঙ্গে একাধিক পশু পাখির শেড পরিষ্কার করছে এবং খাবার বিতরণ করছে। তাদের অ্যাপ্রন নির্ধারিত থাকলেও অধিকাংশই তা পরছে না। তারা গামবুট, গ্লাভস মাস্কও ব্যবহার করেন না। পশু পাখির শেডের মধ্যে যেখানে সেখানে থু--থু ফেলছেন। এছাড়া যে পোশাকে শেড পরিষ্কার করছেন, তা পরেই আবার বাসায় যাচ্ছেন। এর ফলে নিজে যেমন আক্রান্ত হতে পারেন, তেমনি রোগ ছড়ানোর আশঙ্কাও রয়েছে।

সূত্র জানিয়েছে, চিড়িয়াখানার সকল প্রাণীর যক্ষ্মা পরীক্ষা করা হয়নি। তবে আশঙ্কা করা হচ্ছে, ৯০ ভাগ প্রাণীই যক্ষ্মা--আক্রান্ত। বানর, হরিণ, নীলগাই, সাম্বা হরিণসহ অন্যান্য প্রজাতির প্রাণীর যক্ষ্মা রয়েছে।

সূত্র মতে, দর্শনার্থীদের মধ্যেও এ রোগ ছড়াতে পারে। বছরে ত্রিশ লাখ দর্শনার্থী চিড়িয়াখানায় আসে।

পশু--পাখির শেডগুলো এমনভাবে তৈরি, যাতে তারা মানুষের সংস্পর্শেও আসতে পারে। তাদের মাধ্যমেও রোগ ছড়াচ্ছে বলে ধারণা করছে কর্তৃপক্ষ।

জানা গেছে, এজন্যে শেডগুলো পুনর্বিন্যাস এবং দু’স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়ার চিন্তা ভাবনা চলছে। বাজেট না থাকার কারণে এ কাজে হাত দিতে পারছে না চিড়িয়াখানা কর্তৃপক্ষ।