২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বোমাতঙ্ক

পাকা পেঁপে রাখা ছোট একটি সাদা কাপড়ের ব্যাগ দেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের অগ্রনী ব্যাংকে রোববার দুপুরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 04:57 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্রনী ব্যাংকে দুপুর সোয়া ১টায় সোফার উপরে একটি সাদা কাপড়ের ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগটি অনেকক্ষণ ধরে ওই জায়গায় পড়ে থাকায় ব্যাংক কর্তৃপক্ষ ব্যাগটির মালিক না পেয়ে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রমনা থানা পুলিশকে খবর দেয়।

এরই মধ্যে বোমার খবরে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাংকের ওপর তলায় অবস্থিত ডীন অফিসসহ ব্যাংকে কর্মরত এবং উপস্থিত সবাইকে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়া হয়। 

দুপুর আড়াইটায় ঢাকা মহানগর পুলিশের বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে। তারা ঘটনাস্থল পৌঁছে ব্যাগটি চেক করার জন্য প্রস্তুত হন।

এমন সময় ব্যাগটির মালিক বোটানির ছাত্রী  জিনাত ইয়াসমিন উপস্থিত হয়। 

জিনাত জানায়, দুপুর ১টায় সে চেক ভাঙাতে এসে ভুল করে ব্যাগটি রেখে চলে যায়। পরে বেলা ৩টার দিকে ব্যাগের কথা মনে হলে ব্যাগটি ফেরত নিতে সে ব্যাংকে আসে। জিনাত ব্যাগ খুলে উপস্থিত সবাইকে ভেতরের পেঁপেটি দেখালে উপস্থিত সবার মাঝে স্বস্তি ফিরে আসে।