২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমা হামলা তদন্ত প্রতিবেদন দাখিলে সরকারকে দেওয়া হাইকোর্টের আদেশ সংশোধন--সাপেক্ষে সুপ্রিম কোর্টে বহাল

দেশে সাম্প্রতিক বোমা হামলার ঘটনা তদন্তের অগ্রগতি প্রতিবেদন প্রতি দু’সপ্তাহ পরপর আদালতে দাখিল করা সংক্রান্ত সরকারের প্রতি হাইকোর্টের আদেশ সুপ্রিম কোর্ট আংশিক সংশোধন করে বহাল রেখেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 04:45 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

৩০ নভেম্বর হাইকোর্টের অন্তর্বর্তীকালীন ওই আদেশে সরকারকে প্রতি দু’সপ্তাহ পরপর হাইকোর্টে বোমা হামলা ঘটনাসমূহের তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছিল।

‘সরকারের একটি অংশ দেশে জঙ্গিবাদীদের মদদ জোগাচ্ছে’, সরকারদলীয় বেশ কয়েকজন সংসদ সদস্যের উত্থাপন করা এ অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট বোমা হামলা তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করার ওই নির্দেশ দেন।   

আপীল বিভাগ রোববার হাইকোর্টের আদেশের এ অংশটুকু সংশোধন করে আইনানুযায়ী তৈরি করে তদন্ত রিপোর্ট দাখিলের জন্যে সরকারকে নির্দেশ দেন।

প্রধান বিচারপতি সৈয়দ জেআর মুদাচ্ছির হোসেন, বিচারপতি ফজলুল করিম এবং বিচারপতি আমীরুল কবীর চৌধুরীর সমন্বয়ে গঠিত আপীল বিভাগের একটি পূর্ণাঙ্গ বেঞ্চ সরকারের একটি আবেদনের দেড়ঘন্টাব্যাপী শুনানি শেষে এ আদেশ দেন।

শুনানিতে অংশ নিয়ে অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী বলেন, বোমা হামলার তদন্তে সরকার ব্যর্থ, এটি প্রমাণের জন্যেই হাইকোর্টে রিট পিটিশনটি দাখিল করা হয়েছে।

তিনি বলেন, এ আদেশের মধ্য দিয়ে হাইকোর্ট চলমান তদন্তকাজে হস্তক্ষেপ করেছে। তিনি আরও বরেন, হাইকোর্ট রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবেই এটি করছে।

অ্যাটর্নি জেনারেলের বক্তব্যের বিরোধিতা করে প্রখ্যাত আইনজীবী ড. কামাল হোসেন বলেন, হাইকোর্টের আদেশে সরকারের ক্ষুব্ধ হওয়ার মতো কিছু ছিলনা। দেশের সংবিধান এবং সকল আদালতের অভিভাবক হচ্ছে সুপ্রিম কোর্ট। তিনি বলেন, আদালতকে লক্ষ্য করেই বোমা হামলাগুলো চালানো হচ্ছে এবং এ কারণেই সুপ্রিম কোর্ট বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছে।

ড. কামাল হোসেন বলেন, ভারতের সুপ্রিম কোর্ট এ ধরনের ফৌজদারি দণ্ডবিধিতে সরকারের প্রতি বিভিন্ন সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দিয়েছে।

তিনি বলেন, ১৭ আগস্ট দেশজুড়ে বোমা হামলার পর এখন দেশের বিচারবিভাগকে লক্ষ্য করে বোমা হামলা চালানো হচ্ছে, কিন্তু সরকার এ ব্যাপারে কোনও কার্যকর পদক্ষেপ গ্রহণ করেনি।

ড. কামাল হোসেন আরও বলেন, পুলিশ এসব ঘটনার তদন্তে ক্রমাগত ব্যর্থ হচ্ছে। রিট পিটিশনটি কি কারণে দাখিল করা হয়েছে, সে ব্যাপারে সবাই জানে।

বোমা হামলা প্রতিরোধে সরকারের ব্যর্থতাকে কেন নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় ব্যর্থতা বলে ঘোষণা দেয়া হবে না-- হাইকোর্ট এই মর্শে ৩০ নভেম্বর  সরকারের প্রতি কারণ দর্শাও জারি করে।

১৭ আগস্ট সারা দেশে বোমা হামলার পর থেকে আদালতকে লক্ষ্য করে বোমা হামলার প্রেক্ষিতে বাংলাদেশ বার কাউন্সিল মানবাধিকার কমিটির চেয়ারম্যান জেডআই খান পান্না রিট পিটিশনটি দাখিল করেন।

শুনানিতে অ্যাটর্নী জেনারেল এজে মোহাম্মদ আলীকে সহায়তা করেন অতিরিক্ত আ্যাটর্নী জেনারেল আব্দুর রাজ্জাক খান এবং ফিদা এম কামাল, অন্যদিকে ড. কামাল হোসেনকে সহায়তা করেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, ড. এম জহির, অ্যাডভোকেট মাহবুবে আলম, ব্যারিস্টার সারা হোসেন এবং ব্যারিস্টার তানজিবুল আলম।