২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকোর কাছে ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে পেট্রোবাংলা

টেংরাটিলা নামে পরিচিত ছাতক গ্যাস ক্ষেত্রে খননকালে দু’দফা দুর্ঘটনার জন্যে নাইকোর কাছে প্রায় ২৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করতে যাচ্ছে পেট্রোবাংলা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 03:24 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

চলতি সপ্তাহেই কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস বাংলাদেশ লিমিটেডের কাছে আনুষ্ঠানিকভাবে এ ক্ষতিপূরণ দাবি করা হবে বলে জ্বালানি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন।

এর মধ্যে থাকবে পরিবেশের ক্ষতি বাবদ ৮৪ কোটি এবং আট বিলিয়ন ঘনফুট (বিসিএফ) গ্যাসের দাম ১৬৬ কোটি টাকা।

রোববার সকালে ক্ষতিপূরণ দাবিনামা চূড়ান্ত অনুমোদনের জন্যে জ্বালানি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কাছে পাঠানো হয়েছে। এর আগে এ বিষয়ক একটি সার সংক্ষেপ অনুমোদন করেন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান। 

বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)’র সাথে জয়েন্ট ভেঞ্চার চুক্তির আওতায় নাইকো ছাতক গ্যাস ক্ষেত্রে অনুসন্ধানকালে জানুয়ারি মাসে প্রথম দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনা নিয়ন্ত্রণে আনার জন্যে রিলিফ কূপ খননকালে আবার বিষ্ফোরণ ঘটে জুন মাসে।

অক্টোবর মাসে দ্বিতীয় রিলিফ কূপ খনন করে দুর্ঘটনা কবলিত কূপ সফলভাবে বন্ধ করে দেওয়ার দাবি করেছে নাইকো। অবশ্য বাপেক্স দাবি করেছে এটি সফলভাবে নিয়ন্ত্রণ করা হয়নি বলে স্বল্পমাত্রায় হলেও এখনও আগুন জ্বলছে।

দুর্ঘটনার পর স্থানীয় জনগণকে ক্ষতিপূরণ বাবদ নাইকো এ পর্যন্ত ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে।

পরিবেশ এবং পুড়ে যাওয়া গ্যাসের ক্ষতিপূরণ দাবিনামা চূড়ান্ত করে পেট্রোবাংলা সম্প্র্রতি মতামতের জন্যে আইন মন্ত্রণালয়ের পাঠায়। এতে পরিবেশের ক্ষতি এবং আট বিসিএফ গ্যাসের জন্যে ওই ক্ষতিপূরণ চাওয়ার কথা বলা হয়। গত সপ্তাহে এর পক্ষে আইন মন্ত্রণালয় থেকে মতামত পেয়েছে জ্বালানি মন্ত্রণালয়। তার আলোকেই রোববার সার সংক্ষেপ পাঠানো হয়েছে।

এদিকে নাইকোর নির্বাহী চেয়ারম্যান এডওয়ার্ড এস স্যাম্পসন জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে দেখা করে ছাতক গ্যাস ক্ষেত্র উন্নয়নের অনুমতি চায়। এর জবাবে উপদেষ্টা জানান, টেংরাটিলা দুর্ঘটনার ক্ষতিপূরণ দিতে সম্মত না হওয়া পর্যন্ত এই গ্যাস ক্ষেত্র উন্নয়নের অনুমতি দেওয়া হবে না।

অন্যদিকে স্যাম্পসন সম্প্রতি বিডিনিউজের সাথে আলাপকালে বলেছেন, এ শিল্পে দুর্ঘটনা একটি স্বাভাবিক ঘটনা। বিশ্বে বছরে এ ধরনের প্রায় ৩০০ দুর্ঘটনা ঘটে। কোথাও পুড়ে যাওয়া গ্যাসের জন্যে ক্ষতিপূরণ দেওয়ার বিধান নেই।  

অবশ্য স্যাম্পসন সর্বশেষ জ্বালানি উপদেষ্টাকে বলেছেন, পেট্রোবাংলা ক্ষতিপূরণ দাবি পেশ করলে নাইকো জেভিএ অনুসরণ করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।