২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোগান্তির কবলে হটমেইল ও এমএসএন ই-মেইল ব্যবহারকারীরা

এবার ভোগান্তিতে পড়লো মাইক্রোসফটের ই-মেইল সার্ভিস ব্যবহারকারীরা। কমকাস্ট কর্পোরেশন সহ আরো বেশ কয়েকটি ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (আইএসপি) থেকে প্রেরিত ই-মেইল পাচ্ছে না তারা। খোদ মাইক্রোসফট শুক্রবার এ তথ্য প্রকাশ করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2005, 01:25 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

ইন্টারনেট সূত্র জানায়, গত সপ্তাহের শুরু থেকে হটমেইল এবং এমএসএন ই-মেইল সার্ভিস ব্যবহারকারীরা এ সমস্যায় পড়েছে। এর ফলে কমকাস্টসহ আরো কয়েকটি আইএসপি’র ই-মেইল সার্ভিস ব্যবহারকারীরা হটমেইল ও এমএসএন ব্যবহারকারীদের কাছে কোন প্রকার ই-মেইল পাঠাতে পারছে না।

এ বিষয়ে মাইক্রোসফটের অনলাইন ডিভিশনের প্রোডাক্ট ম্যানেজার ব্র“ক রিচার্ডসন জানান, ‘ই-মেইল ভলিউমস ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়ায় এ সমস্যা তৈরি হয়েছে। সোবার ইন্টারনেট ওয়ার্মও এ সমস্যার একটি কারণ।’ 

তবে এ সমস্যার সমাধান কবে হবে, সে সম্পর্কে কিছু জানাননি রিচার্ডসন।

তিনি বলেন, ‘আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে আমরা একটি সমাধানে পৌছাঁবো। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে পারছি না।’

কমকাস্ট এর মুখপাত্র জেনিফার কোরি জানান, ‘কমকাস্ট থেকে এমএসএন বা হটমেইলে ই-মেইল পাঠালে তা যাচ্ছে না। তবে অন্যান্য আইএসপি’র এড্রেসে কোন রকম দেরি ছাড়াই ই-মেইল পৌঁছাচ্ছে।’ তিনি আরো জানান, ‘এ সমস্যার সমাধানের জন্য তার প্রতিষ্ঠান মাইক্রোসফটের সাথে কাজ করছে।’