খাগড়াছড়িতে ব্রাশফায়ারে আরো ১ জন খুন, মোট নিহত ৪
পার্বত্য জেলা খাগড়াছড়ির রামগড় হত্যাকাণ্ডে তিন জন খুন হওয়ার দিনেই শুক্রবার রাতে দীঘিনালা উপজেলায় পৃথক আরেক ঘটনায় ব্রাশফায়ারে একজন আদিবাসী পাহাড়ি মহিলা খুন হয়।
এনিয়ে জেলায় প্রতিপক্ষের হাতে শুক্রবার মোট চারজন পাহাড়ি খুন হলো। তাৎক্ষণিকভাবে শুক্রবার রামগড় হত্যাকাণ্ডের খবর জানা গিয়েছিলো।
পুলিশ ও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়, দীঘিনালা পোমাং পাড়া এলাকায় শুক্রবার সন্ধ্যায় অজ্ঞাত বন্দুকধারীরা জুনুতি ত্রিপুরা নামে একজন মহিলাকে (৫০) গুলি করে হত্যা করে। তার স্বামীর মৃত লিকেছা ত্রিপুরা।
জানা যায়, বন্দুকধারীরা জুনুতি ত্রিপুরার বাড়িতে তার ছেলেকে খুঁজতে গিয়ে তাকে না পেয়ে মাকে হত্যা করে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে।
এদিকে শুক্রবার রামগড় উপজেলার হাজি মৌজার ডাক্তার পাড়া এলাকায় সন্ত্রাসীরা ব্রাশফায়ার করে তিনজন পাহাড়ি যুবককে হত্যা করে।
নিহতরা হচ্ছে -- ভাগ্য চাকমা (৩৬), দীলিপ চাকমা (৩০) এবং সুজন চাকমা (২৮)। নিহতরা সকলেই পার্বত্য শান্তিচুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য।
