২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গি মোকাবেলায় নতুন আইন প্রণয়ন নিয়ে আইনজীবীরা দ্বিধাবিভক্ত

ইসলামী উগ্রপন্থী ও জঙ্গি মোকাবেলায় নতুন আইন প্রণয়ন নিয়ে দেশের শীর্ষ আইনজীবীরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2005, 07:42 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

শনিবার সিনিয়র আইনজীবীদের একটি পক্ষ বলেছে, জঙ্গি মোকাবেলায় নতুন আইন প্রণয়নের প্রয়োজন নেই। কিন্তু অন্যপক্ষ বলছে দেশের বর্তমান রাজনৈতিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রেক্ষিতে সন্ত্রাস বিরোধী নির্দিষ্ট আইন প্রণয়ন করা উচিত।

শনিবার বিডিনিউজের সঙ্গে আলাপকালে আইনজীবীরা নতুন এ আইনের পক্ষে--বিপক্ষে তাদের মতামত তুলে ধরেন।

ব্যরিস্টার শফিক আহমেদ বলেন, জঙ্গি ও উগ্র পন্থীদের মোকাবেলায় দেশে প্রচলিত বর্তমান আইনই যথেষ্ট।

তিনি বলেন, সরকার সঠিকভাবে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে বর্তমানে প্রচলিত আইনের বাস্তবায়ন হলে নির্ধারিত সময়ের মধ্যেই জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব। সরকার ভালো করেই জানে জঙ্গি, তাদের পৃষ্ঠপোষক ও গডফাদাররা কোথায় আছে।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ও জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) ইশতেহার অভিন্ন।

শফিক আহমেদ বলেন, সরকারের ভেতরেই বোমাবাজ ও আত্মঘাতী স্কোয়াডের সদস্যদের পৃষ্ঠপোষক এবং গডফাদাররা লুকিয়ে আছে বিধায় সরকার তাদের ধরতে পারছে না। সরকারের একটি মহলের সঙ্গে জঙ্গিদের যোগসাজশ রয়েছে, ক্ষমতাসীন দলের সাংসদদের এমন মন্তব্যের প্রেক্ষিতে সরকারের তদন্ত করা উচিত।

তিনি আরও বলেন, সরকারের উচিত শিগগিরই নিজেদের মধ্যে লুকিয়ে থাকা ইসলামী জঙ্গি ও তাদের পৃষ্ঠপোষকদের চিহ্নিত ও তাদের বিচারের ব্যবস্থা করা।

অ্যাডভোকেট এবিএম নুরুল ইসলাম বলেন, কোনো আইনই বিশ্ব থেকে সন্ত্রাস নির্মূল করতে পারবে না।

তিনি বলেন, রাজনৈতিক ও সামাজিক একতা অর্জণ সম্ভব না হলে দেশ থেকে জঙ্গি ও চরমপন্থীদের নির্মূল করা যাবে না। দেশের সমস্ত বিচারক ও আইনজীবীদের হত্যা করলেও জেএমবি আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে পারবে না।

অ্যাডভোকেট খান সাইফুর রহমান বলেন, দেশের বর্তমান সন্ত্রাসী কার্যকলাপ বিবেচনা করে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নতুন আইন প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেছেন।

তিনি বলেন, ভারত, শ্রীলংকা, নেপাল ও পাকিস্তানসহ বিভিন্ন দেশে জঙ্গি ও চরমপন্থীদের দমনে সরকার নির্দিষ্ট সন্ত্রাস বিরোধী আইন প্রণয়ন করেছে। অবস্থার প্রেক্ষিতে সরকার অনেক আগেই সন্ত্রাস বিরোধী আইন প্রস্তুত করে রেখেছে। এখন বর্তমান অবস্থার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী দেশে এ ধরণের একটি আইন প্রণয়নের প্রয়োজনীয়তার কথা ব্যক্ত করেছেন। 

ব্যরিস্টার রফিক-উল-হক বলেন, চরমপন্থী জঙ্গিদের মোকাবেলায় ভারত সরকার টাডা আইন প্রণয়ন করেছে। অন্যান্য অনেক দেশেও এ ধরনের আইন প্রচলিত আছে।

তিনি বলেন, সরকার জঙ্গি, তাদের পৃষ্ঠপোষক ও চরমপন্থীদের বিচারের জন্যে এ ধরনের আইন প্রনয়ণ করতে পারে।

তিনি আরও বলেন, সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী সরকার ভালো করেই জানে কোথায় কতজন জঙ্গি আছে এবং করা তাদের গডফাদার।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিকে বিদ্রোহ বলা যায় না। তবে সময়মতো এ অবস্থা নিয়ন্ত্রণ করা না হলে বিদ্রোহ হতে পারে।