২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হোটেল, ব্যাচেলার মেস ও রিক্সার গ্যারেজে জঙ্গিদের তন্নতন্ন করে খোঁজা হচ্ছে

আত্মঘাতী জঙ্গিদের সন্ধানে চট্টগ্রাম নগরীর প্রতিটি হোটেল, ব্যাচেলার মেস ও রিক্সার গ্যারেজগুলোতে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে। তন্নতন্ন করে খোঁজা হচ্ছে জেএমবি সদস্যদের। গত দুই দিনে এইসব স্থানে শতাধিক অভিযান চালানো হয় বলে পুলিশ সূত্র জানিয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 06:21 PM

চট্টগ্রামে গত মঙ্গলবারের আত্মঘাতী হামলার পর গত তিন দিনে পুলিশ সন্দেহভাজন চার জঙ্গিকে আটক করলেও এখন পর্যন্ত  হামলার পরিকল্পনা সম্পর্কে কোনও ক্লু জানতে পারেনি।

একদিকে জঙ্গি সম্পর্কিত তথ্যের ঘাটতি, অন্যদিকে নতুন করে হামলার হুমকির মুখে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিতেও হিমশিম খাচ্ছে সিএমপি প্রশাসন।

সিএমপি সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে পত্রিকা অফিসগুলোতে চিঠি পাঠিয়ে চট্টগ্রামের কাষ্টমস, বন্দর , জেলা প্রশাসক কার্যালয়ে হুমকি দেয়ার প্রেক্ষিতে এইসব স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এসি (ডিবি) মোশারফ হোসেন মিয়াজী বিডিনিউজকে জানিয়েছেন, নগরীর প্রতিটি হোটেল,  ব্যাচেলার মেস , রিক্সার গ্যারেজ ও ভাসমান মানুষের আখড়াগুলো কড়া নজরদারীতে আনা হয়েছে।

এইসব স্থান তল্লাশির পাশপাশি ভাসমান হকারদের বিষয়েও খোঁজখবর নেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।

হাফেজ জয়নাল আবেদীন, মজিদ ও ছলিমুল্লার পর পুলিশ মীরেরশ্বরাই মারুফ মডেল হাইস্কুল থেকে সেলিম (৪৫) নামের অপর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বৃহস্পতিবার রাতে ।

তার বাড়ী নেত্রোকোনা জেলার পম্চিম কাজী পাড়ায়। দুইদিন আগে সে মীরেরশ্বরাই আসে। গতিবিধি সন্দেহজনক হওয়াতে এলাকাবাসী তার সম্পর্কে পুলিশকে অবহিত করে।

পুলিশ জানায়, তাকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত সে মীরেরশ্বরাই আসার কারণ সম্পর্কে সদুত্তর দিতে পারেনি।

বৃহস্পতিবার আদালত ভবনের প্রবেশ পথে গ্রেফতার হওয়া কক্সবাজারের চকোরিয়া উপজেলার মজিদ ও ছলিমুল্লাহকে শুক্রবার ৫৪ ধারায় চালান দেয়া হয়েছে।

বুধবার রাতে নগরীর বাকলিয়া এলাকা থেকে গ্রেফতার হওয়া হাফেজ জয়নাল আবেদীন কুতুবী নামের আফগানিস্তান ফেরত  জঙ্গিকে র‌্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে । গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদে সে দেশে জঙ্গিবাদের উত্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলে সুত্র জানায়।