৫ ডিসেম্বর দিনাজপুর-১ আসনের উপ-নির্বাচন উপলক্ষে নিষেধাজ্ঞা
আগামী ৫ ডিসেম্বর দিনাজপুর-১ আসনে উপ-নির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় শনিবার মধ্যরাত হতে ৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত সভা-সমাবেশ ও মিছিল বের করার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
শুক্রবার নির্বাচন কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়সীমার মধ্যে কেউ নির্বাচনী এলাকার কোন স্থানে সন্ত্রাস বা উচ্ছৃঙ্খল আচরণ বা কোন ভোটার বা নির্বাচনী কার্যক্রমের সঙ্গে জড়িত বা কর্মরত কোন ব্যক্তি ভীতি প্রদর্শন বা উত্যক্ত করতে পারবেন না এবং অস্ত্র প্রদর্শন বা শক্তি প্রয়োগ করতে পারবেন না।
এ আদেশ লঙ্ঘনকারী ব্যক্তি সংশ্লিষ্ট আইন অনুসারে জরিমানাসহ দুই থেকে সাত বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বলা হয়, নির্বাচনী এলাকায় ৪ ডিসেম্বর রোববার মধ্যরাত হতে ৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল, বেবীটেক্সী, জীপসহ অন্যান্য যানবাহন সমূহ চলাচল বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিক, পর্যবেক্ষক এবং জরুরি কাজে নিয়োজিতদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। হাইওয়ের ক্ষেত্রেও এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৩ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর দিবাগত মধ্যরাত পর্যন্ত লাইসেন্সধারী সকল প্রকার আগ্নেয়াস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। তবে নির্বাচনী আইন-শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
