২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্র ও ইইউ’র অব্যহত কৃষি ভর্তূকির জন্যে অক্সফামের হুঁশিয়ারি

বিশ্ব বাণিজ্যে কৃষিখাতে ভর্তুকি কমানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন আইনি সমস্যার মুখোমুখি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:26 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল’র প্রধান ফিল ব্লোমার এ প্রসঙ্গে বলেন,  চিনিতে ভর্তুকির ক্ষেত্রে ইউরোপীয় কমিশন এবং তুলায় ভর্তুকি ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্ব বাণিজ্য সংস্থা’র (ডব্লিউটিও) দায়েরকৃত মামলায় পরাজিত হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সকল ধরনের ভর্তুকির বিরুদ্ধে নই। অনেক ক্ষতিকর ভতুর্কি শুধু অনৈতিকই নয়, ডব্লিউটিও’র নীতিমালার পরিপন্থীও বটে।

অক্সফাম ইন্টারন্যাশনাল’র সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে সতর্ক করে বলা হয়, এ মাসে অনুষ্ঠিত হংকংয়ে মন্ত্রী পর্যায়ের বৈঠকের আগে ভর্তুকি কমানোর ক্ষেত্রে লক্ষ্যে পৌঁছতে না পারলে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন ১১ টি মামলার মুখোমুখি হবে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভুট্টা ও চালসহ তিনটি পণ্যের জন্যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং টমেটো, তামাক, বাটার, মদ ও স্প্রিট, সিট্রাস জুস ও প্রক্রিয়াজাত ফলের ক্ষেত্রে ইউরোপীয় কমিশন আটটি মামলার মুখোমুখি হতে পারে। ১১টি ভোগ্যপণ্যে বছরে মার্কিন যুক্তরাষ্ট্র ৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার এবং ইউরোপীয় ইউনিয়ন নয় দশমিক তিন বিলিয়ন মার্কিন ডলার ভর্তুকি দিয়ে থাকে। এর ফলে মেক্সিকো, মোজাম্বিকসহ ৩৮ টি উন্নয়নশীল দেশ অন্যায্য প্রতিযোগিতার মুখে পড়ে।

হংকংয়ে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার মন্ত্রী পর্যায়ের বৈঠকের এক সপ্তাহ আগে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। উন্নয়নশীল দেশসমূহের পণ্যের বাজার সম্প্রসারণের বিষয় নিয়ে এ বৈঠকে আলোচনা করা হবে।