২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে জেএমবি সদস্য সন্দেহে মহিলা আটক

রাজধানীর রাসেল স্কোয়ার থেকে পুলিশ বৃহস্পতিবার জেএমবি সদস্য সন্দেহে এক মহিলাকে গ্রেফতার করেছে। ওই মহিলা হরতালকালে যুব মহিলা লীগের সমাবেশের আশেপাশে ঘোরাঘুরি করছিলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 06:57 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

আটকের পরপরই পুলিশের গোয়েন্দা শাখা তাকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে ধানমন্ডি পুলিশের কাছে হস্তন্তর করা হয়।

আওয়ামী লীগের নেতৃবৃন্দ দাবি করেন, আটককৃত মহিলা তাদের সমাবেশে আত্মঘাতি বোমা হামলা চালানোর জন্য ঘোরাফেরা করছিল। নেতৃবৃন্দ অভিযোগ করেন, আটক মহিলার কাছ থেকে বেশ কিছু লিফলেট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, আটক মহিলার নাম হালিমা খাতুন (২৫)। সে কুমিল্লা জেলার মুরাদনগরের হাফেজ আব্দুল হকের স্ত্রী। কাজের খোঁজেই সে ঢাকা এসেছিল বলে পুলিশ জানায়।

ঢাকা মহানগর পুলিশের ডেপুটি কমিশনার (উত্তর) মাজহারুল হক বিডিনিউজকে জানান, আটক মহিলার কাছ থেকে কিছু বই এবং কাগজপত্র পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান মাজহারুল হক।

এ ব্যাপারে ডিবি পুলিশের অ্যাসিস্টেন্ট ডেপুটি কমিশনার সফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আটক মহিলার কাছ থেকে বিস্ফোরক পাওয়া যায়নি এবং আরও জিজ্ঞাসাবাদের জন্য তাকে ধানমন্ডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন-অর-রশিদ বলেন, বোরকা পরিহিত অবস্থায় সমাবেশের আশেপাশে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে পুলিশ মহিলাকে আটক করে। পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করছে।

তিনি জানান, আটক মহিলা জানিয়েছেন, কাজের খোঁজেই তার ঢাকায় আসা এবং কলাবাগানে তার এক আত্মীয়ের বাসায় যাওয়ার সময় পুলিশ তাকে আটক করে।