২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ জঙ্গি মোকাবেলায় নতুন নতুন কৌশল অবলম্বন করছে: আইজি

মহা পুলিশ পরিদর্শক (আইজি) আবদুল কাইয়ুম জঙ্গিদের হামলার নতুন নতুন কৌশল অবলম্বনকে ‘কঠিন পরিস্থিতি’ আখ্যা দিয়ে বলেন, পুলিশও সন্ত্রাসীদের মোকাবেলায় নতুন নতুন কৌশল অবলম্বন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

তার কার্যালয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, এটি একটি কঠিন পরিস্থিতি। জঙ্গিদের রুখতে বা তাদের হামলা কমাতে আমরা বিভিন্ন ধরনের কৌশল অবলম্বন করছি।

১৭ আগস্ট থেকে এ পর্যন্ত দেশব্যাপী গ্রেপ্তারকৃত জঙ্গি এবং তাদের মামলা সম্পর্কেও তিনি সাংবাদিকদের অবহিত করেন।

আইজি বলেন, ১৭ আগস্ট থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ৬৯৫ জন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিশেষ অভিযান পরিচালনা করে গত দু’দিনে ৮২ জনকে জেএমবি সদস্য সন্দেহে আটক করা হয়।

কাইয়ুম আরও জানান, ১৭ আগস্ট বোমা হামলায় এ পর্যন্ত ১৮২টি মামলায় ৫৭টি চার্জশিট জমা দেওয়া হয়েছে। দেশব্যাপী ওই হামলায় জড়িত থাকার অভিযোগে ২২১ জনকে গ্রেপ্তার এবং ৫৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।