২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেএমবি ক্যাডারদের বিরুদ্ধে চার্জ শিট জমা দিতে পুলিশকে বাধা দিচ্ছে প্রভাবশালীরা

প্রভাবশালী নেতাদের চাপের কারণে ১৭ আগস্টের দেশজুড়ে ধারাবাহিক বোমা হামলার সাথে জড়িত থাকার অভিযোগে গাইবান্ধা থেকে গ্রেপ্তারকৃত নিষিদ্ধঘোষিত জামাতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ১৪ ক্যাডারদের বিরুদ্ধে গাইবান্ধা জেলা পুলিশ চার্জ শিট জমা দিতে পারেনি।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 12:16 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

বিভিন্ন সূত্র থেকে জানা যায়, কিছু স্থানীয় প্রভাবশালী নেতার চাপের কারণে জেএমবি’র কমান্ডার সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের শ্বশুরবাড়ি গাইবান্ধায় আটককৃত জেএমবি’র ক্যাডারদের বিরুদ্ধে পুলিশ চার্জ শিট জমা দেয়নি।

জানা গেছে, নিরাপত্তা বাহিনীর চলতি জেএমবি-বিরোধী অভিযানে গ্রেপ্তার এড়াতে জেএমবি ক্যাডাররা সাঘাটা, ফুলছড়ি, গাইবান্ধা সদর, গোবিন্দগঞ্জ এবং সুন্দরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আশ্রয় নিয়েছে।

কিন্তু প্রভাবশালী নেতাদের চাপের কারণে পুলিশ নিস্ক্রিয় ভূমিকা পালন করায় জেএমবি’র অনেক ক্যাডার আবার তাদের আগের জায়গায় ফিরে এসেছে। তারা দাড়ি কেটে ও বেশভূষা পরিবর্তন করে তাদের জঙ্গিবাদী তৎপরতা অব্যাহত রেখেছে।

আটককৃত ১৪ জন ক্যাডারের মধ্যে নয়জন বোমা হামলার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আর সবাই বলেছে, তাদের সাথে ক্ষমতাসীন জোট সরকারের অন্যতম শরীক জামায়াত-ই-ইসলামী বাংলাদেশ ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক রয়েছে।

কিন্তু, স্থানীয় প্রভাবশালীদের চাপের কারণে পুলিশ ১৬৪ ধারার আওতায় এখনও তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে পারেনি।