২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় পুলিশের সাথে ‘ক্রসফায়ারে’ ডাকাত সর্দার নিহত

চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে পুলিশের সাথে একদল ডাকাতের গুলিবিনিময়কালে ক্রসফায়ারে পড়ে এক ডাকাত সর্দার নিহত হয়েছে। পুলিশ বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গা প্রতিনধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2005, 09:45 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

নিহত শমসের ডাকাত (৪০) ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জনৈক আনিস উদ্দিনের পুত্র। সে একটি ডাকাত দলের নেতা।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও ইনস্পেকটর নজরুল ইসলাম মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ ও হিজলগারী ক্যাম্প বুধবার সকালে ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাঘমারা এলাকায় একটি যৌথ অভিযান চালিয়ে শমসের ডাকাতকে থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়। 

পুলিশ জানায়, শমসেরের স্বীকারোক্তি মোতাবেক যৌথ বাহিনী অস্ত্র উদ্ধার করতে তাকে নিয়ে বুধবার রাতে দামুরহুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামে অভিযানে যায়।

পুলিশ দাবি করেছে, তারা অভিযান চালিয়ে একটি শাটারগান ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।

আরও বেশি অস্ত্র উদ্ধার করতে পরবর্তীতে পুলিশ শমসেরকে নিয়ে একই গ্রামে বুধবার রাত সাড়ে দশটার দিকে আরেকটি অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, ঈশ্বরচন্দ্রপুর গ্রামের জনৈক আসাদুল মোল্লার বাগানের কাছে পৌঁছালে একদল অস্ত্রধারী শমসেরকে ছাড়িয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। পুলিশও পাল্টা গুলি চালায়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গুলিবিনিময়ের এক পর্যায়ে শমসের পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে ক্রসফায়ারে পড়ে গুলিবিদ্ধ হয় এবং ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ জানিয়েছে, নিহত ডাকাত সর্দার শমসের চারটি হত্যাসহ ১৩টি মামলার আসামী।