নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বাংলাদেশ
ঘড়ির কাঁটা ঠিক ১২টা ১ সেকেন্ডে পৌঁছার সাথে সাথে শনিবার মধ্যরাতে আনন্দে মেতে উঠবে দেশবাসী। আগামী বছর হবে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির এই প্রত্যাশায় তারা বরণ করে নেবে ২০০৬ সালকে।
রাজধানী ঢাকাসহ সারা দেশে ইংরেজি বর্ষবরণকারীরা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলেও জঙ্গি হামলার আশংকায় তা অনেকটাই ম্লান হয়ে গেছে।
যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, বিডিআর ও র্যাবসহ প্রায় ১৪ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন থাকবে রাজধানীর বিভিন্ন পয়েন্টে। এসময় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাও বিভিন্ন পয়েন্টে উপস্থিত থাকবেন।
নববর্ষ উপলক্ষে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিরোধী দলীয় নেতা শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তারা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
নতুন বছরকে স্বাগত জানাতে নগরীর পাঁচতারা হোটেল সোনারগাঁও, শেরাটন ও ক্লাবগুলোতে আলোকসজ্জা করা হয়েছে।
এদিকে বিশ্বের অন্যান্য স্থানের মতো অস্ট্রেলিয়ার সিডনীতে বর্ষবরণকারীরা ব্যাপক আতশবাজির মাধ্যমে ইতোমধ্যেই তাদের কর্মসূচি শুরু করে দিয়েছেন।
প্রায় ১০ লাখ লোক সমবেত হয়েছেন সিডনীর এ অনুষ্ঠানস্থলে। মধ্যরাতে রঙ বেরঙের আতশবাজিতে উজ্বল হয়ে ওঠে সিডনীর আকাশ।
নববর্ষের প্রাক্কালে বিশ্ববাসী এমন একটি বছরের প্রত্যাশা করছে যেখানে থাকবে না ২০০৫ সালের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ ও সহিংসতা।
