ব্রাহ্মণবাড়িয়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে দু’দিনে দু’শতাধিক আহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বুধবার দ্বিতীয় দিনের মতো ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আরও দেড় শতাধিক লোক আহত হয়েছে। মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় পুলিশসহ আহত হয় ৬৫ জন। পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে আট প্লাটুন বিডিআর ও ১০ প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষ্যদর্শী ও পুলিশ সূত্র জানায়, সকাল ১১ টার দিকে ক্রিকেট খেলা নিয়ে পূর্বশত্র“তার জের ধরে সরাইল ডিগ্রি কলেজের সামনে কালিকচ্ছ ও সরাইল ইউনিয়নের কয়েকটি গ্রামের সহস্রাধিক লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। বুধবার দুই যুবকের কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষের সময় উভয় ইউনিয়নই মাইকিং করে স্ব স্ব পক্ষে সংঘর্ষে অংশ নেওয়ার আহ্বান জানায়। এ সময় উভয় দলই বিপুল সংখ্যক দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে। এতে দেড় শতাধিক লোক আহত হয়েছে। সংঘর্ষে আহতদের মধ্যে স্বপন (২১), সুমন (১৮), জীবন (২৫), মাসুম (২০), মুসা মিয়া (৬৫) ও ইব্রাহিমকে (২০) আশঙ্কাজনক অবস্থায় সরাইল, ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের খবর পেয়ে একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ ও বিডিআর যৌথভাবে তিন ঘন্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ সাত রাউন্ড শটগানের গুলি ও দুই রাউন্ড কাঁদানে ছোঁড়ে।
এদিকে মঙ্গলবার সকালেও একই ঘটনায় এ দু’দলের সংঘর্ষে দুই পুলিশসহ ৬৫ জন আহত হয়। সংঘর্ষে গুরুতর আহত ছাত্রলীগ নেতা মন্তুকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনার জের ধরেই বুধবারে ভয়াবহ সংঘর্ষ শুরু হয়।
এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
