কুড়িগ্রামে ম্যাজিস্ট্রেটের অভাবে ঝুলে আছে সাড়ে ৩ হাজার মামলা
কুড়িগ্রামে ম্যাজিস্ট্রেটের অভাবে সাড়ে তিন হাজার মামলা ঝুলে আছে। বিশেষ করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের অধীন তিনটি আমলি আদালতে প্রায় এক হাজার তিনশ’ মামলা এবং বিচার ফাইলে প্রায় এক হাজার চারশ’ মামলা ঝুলে রয়েছে।
মাত্র একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে আইন--শৃঙ্খলা রক্ষা, বিশেষ দায়িত্ব পালন, দ্রুত বিচার আদালত পরিচালনার পাশাপাশি আমলি আদালত ও বিচার ফাইলের বিচার কাজ চালানোর ফলে ঝুলন্ত মামলার সংখ্যা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। এর ফলে বিচার প্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলায় ম্যাজিস্ট্রেট আদালত থাকার সময় নয়টি উপজেলায় নয়জন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে একজনসহ মোট ১০ জন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিলেন। পরবর্তীকালে উপজেলা থেকে আদালত তুলে এনে সদর, রাজাহাট ও চিলমারী থানা নিয়ে প্রথম আমলি আদালত, উলিপুর, রৌমারী, রাজিবপুর ঢুষমারা থানা নিয়ে দ্বিতীয় আমলি আদালত এবং নাগেম্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ী ও কচাকাটা থানা নিয়ে তৃতীয় আমলি আদালত গঠন করা হয়।
এ তিনটি আদালতের জন্য কমপক্ষে তিনজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের প্রয়োজন হলেও ম্যাজিস্ট্রেট আছেন মাত্র একজন।
একজন ম্যাজিস্ট্রেটকে প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি তিনটি আমলি আদালত এবং বিচার ফাইলের মামলার বিচার করতে হচ্ছে দীর্ঘদিন থেকে। আর এ কারণেই তিনি আদালতে বসতে পারছেন না। মাঝে মাঝে রাতেও আদালতের কার্যক্রম চালাতে হয়।
