২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ই-মেইলে বিদেশী দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকির ঘটনায় এক ব্যক্তি আটক

আল কায়েদা পরিচয়ে মার্কিন, বৃটিশ ও অন্যান্য পশ্চিমা দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি দিয়ে ই-মেইল করার অভিযোগে ডিবি পুলিশ সোমবার রাতে দেলোয়ার হোসেন মানিক নামে এক ব্যক্তিকে আটক করেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2005, 11:58 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

ডিবি পুলিশ সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে নগরীর বাড্ডা এলাকা থেকে মানিককে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্যে  তাকে এসবি অফিসে নিয়ে যাওয়া হয়েছে।

জিজ্ঞাসাবাদে মানিক জানিয়েছে, সে ঢাকার একটি রিয়াল এস্টেট কোম্পানির মার্কেটিং অফিসার।

সে আরও জানায়, ব্যক্তিগত শত্র“তার জের ধরে তার নাম ব্যবহার করে শাহনাজ চৌধুরী নামে এক ব্যক্তি এ ই-মেইল পাঠাতে পারে।

উপ পুলিশ কমিশনার (ডিবি) শহিদুল ইসলাম মানিককে আটকের কথা স্বীকার করলেও এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে অস্বীকার করেন।

ঢাকা মহানগর উপ পুলিশ কমিশনার (উত্তর) ওবায়দুল হক বিডিনিউজকে বলেন, আটক ব্যক্তি সত্যিকার অপরাধী কিনা পুুলিশ তা খতিয়ে দেখছে।

এর আগে ২৭ নভেম্বর দক্ষিণ এশিয়া অঞ্চলের আল কায়েদার সুইসাইড স্কোয়াডের সদস্য পরিচয়ে মানিক হোসেন নামে এক ব্যক্তি ঢাকাস্থ পশ্চিমা দূতাবাসগুলো বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়।

ঢাকাস্থ মার্কিন, বৃটিশ ও ইউরোপীয় ইউনিয়নের দূতাবাসগুলোতে রোববার দূতাবাস উড়িয়ে দেয়ার হুমকি সম্বলিত এ ই-মেইল বার্তা পাঠানো হয়।

ই মেইল বার্তায় মানিক তার নিজের ঠিকানা হিসেবে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নাম উল্লেখ করে।