২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২ ডিসেম্বর থেকে জয়পুরহাট চিনিকলে আখ মাড়াই শুরু

দেশের বৃহত্তম চিনিকল জয়পুরহাট চিনিকলে ২ ডিসেম্বর থেকে আখ মাড়াই শুরু হচ্ছে। চিনিকলটি প্রায় ৬৪ কোটি ২১ লাখ পাঁচশ’ ৭০ টাকা লোকসানের বোঝা মাথায় নিয়ে এ মৌসুমে আখ মাড়াই শুরু করতে যাচ্ছে।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2005, 08:47 AM

Updated : 26 Apr 2022, 06:20 PM

১৯৬২ সালে স্থাপিত হওয়া চিনিকলে ৪২টি আখ মাড়াই মৌসুমের মধ্যে ২৭টিতেই বিপুল অংকের টাকা লোকসান দিয়েছে। বছরে প্রায় চার কোটি টাকা শুধু ব্যাংক ঋনের সুদ গুনতে হচ্ছে। কৃষকরাও দিন দিন আখ চাষে নিরুৎসাহিত হচ্ছে।

কৃষকরা জানান, আখ দীর্ঘমেয়াদি ফসল। সঠিক সময়ে বিক্রি করার নিশ্চয়তা নেই। আবার বিক্রি করার পরও মিল থেকে আখের টাকা তুলতে বিক্রিতাকে দিনের পর দিন ঘুরতে হয়।

মিলটির ব্যবস্থাপক (অর্থ) আলী আজগর বিডিনিউজকে জানান, মিলের ক্রাসিং ক্ষমতা দুই লাখ মেট্রিক টন কিন্তু উৎপাদন হচ্ছে প্রায় অর্ধেক। লোকসানের মূল কারণ এটিই। এ বছর ১০টি সাব জোনে ১০ হাজার চারশ’ ৮০ হেক্টর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কর্তৃপক্ষ। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ১০০ হেক্টর বেশি জমিতে আখ চাষ হলেও  সাম্প্রতিক বন্যায় প্রায় আট হাজার একর জমিতে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত  এবং দীর্ঘদিন জলাবদ্ধতার কারণে প্রায় এক হাজার পাঁচশ’ একর জমির আখ সম্পূর্ণরূপে নষ্ট হওয়ায় আবারও ’আশায় গুড়ে বালি’। চলতি মৌসুমে এক লাখ পাঁচ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে সাত হাজার আটশ’ ৭৫ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।  গত মৌসুমে চিনি আহরণের লক্ষ্যমাত্র ছিল শতকরা সাত দশমিক পাঁচ আর অর্জিত হয়েছিল শতকরা ছয় দশমিক ৮৩। এ মৌসুমেও চিনি আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে শতকরা সাত দশমিক পাঁচ। সংশ্লিষ্টদের ধারণা, প্রশাসনিক জটিলতা এবং চোরাই পথে ভারতীয় চিনি এদেশে আসার কারণেও লোকসান হচ্ছে।

অপরদিকে বাজারে গুড়ের মূল্য বৃদ্ধি ও দেরিতে আখ মাড়াই শুরুর কারণে মিল জোনের ফুলবাড়ি, গোবরচাঁপা, ধামুইরহাট, মহাদেবপুর, বদলগাছিসহ বিভিন্ন এলাকার কৃষকরা পাওয়ার ক্রাশার দিয়ে আখ মাড়াই করে বাজারে গুড় বিক্রি করছে বলে জানা গেছে।

ইতোমধ্যেই মিল কর্তৃপক্ষ ৬১টি পাওয়ার ক্রাশার মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। সব মিলিয়ে দেখা যায় লক্ষ্যমাত্রার চেয়ে আখ উৎপাদন কম হচ্ছে।

তবে মিলটির ক্রাশিং ক্ষমতা অনুযায়ী আখ সরবরাহ থাকলে ক্রমান্বয়ে লোকসান কাটিয়ে ওঠা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।