সাংবাদিক শাহাদত চৌধুরী গুরুতর অসুস্থ
বিশিষ্ট সাংবাদিক, সাপ্তাহিক ২০০০--এর সম্পাদক শাহাদত চৌধুরী গুরুতর অসুস্থ অবস্থায় বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার ভাই ডা. মোরশেদ চৌধুরী বিডিনিউজকে জানান, তিনি সেপটিমেনিয়ায় ভুগছেন। অর্থাৎ তার রক্তে ইনফেকশন হয়ে গেছে। বর্তমানে তাকে আশঙ্কাজনক অবস্থায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে।
তার হার্টে সমস্যা দেখা দিয়েছে। প্রস্রাব নিয়মিত হচ্ছে না।
এর আগে অসুস্থ অবস্থায় তাকে গত মঙ্গলবার গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থার অবনতি হলে তাকে বারডেমে স্থানান্তর করা হয়।
ডা. মোরশেদ জানান, তার জীবন সংকটাপন্ন।
বিশিষ্ট সাংবাদিক শাহাদত চৌধুরীর পরিবার তার রোগমুক্তির জন্যে সবার দোয়া কামনা করেছেন।
