গৌতম হত্যার আসামি আসাদের স্ত্রীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি, বিচারের দাবিতে সাংবাদিকদের অনশন
দৈনিক সমকাল পত্রিকার ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাস হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃত আসাদ-বিন-কাদেরের স্ত্রী বেবী আক্তার (২৬) রোববার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
স্বীকারোক্তিতে সে জানায়, তার স্বামী আসাদ প্রতিদিন সকাল ১০ থেকে সাড়ে ১০টার মধ্যে ঘুম থেকে ওঠে এবং ১১টার দিকে বাড়ি থেকে বের হত। কিন্তু ঘটনার দিন সকাল ৭টার দিকে তার ঘুম ভাঙ্গার আগেই আসাদ বাড়ি থেকে বের হয়ে সমকাল অফিসের নিচতলায় যায়।
জেলার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট মো. জসীমউদ্দিন খানের কাছে দেয়া আসাদের স্ত্রীর দেয়া এ স্বীকারোক্তিমূলক জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করা হয়।
উল্লেখ্য, এর আগে আসাদও ১৬৪ ধারায় গৌতম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে।
এদিকে সাংবাদিক গৌতম হত্যার বিচার এবং ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে রোববার ফরিদপুরের বিক্ষুদ্ধ সাংবাদিক সমাজ শহরের জনতা ব্যাংক মোড়ে অনশন কর্মসূচি পালন করেছেন।
সকাল ১০টা থেকে শুরু হওয়া এ অনশন কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেএম ওবায়দুর রহমান এমপি, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ, শাহ মো: আবু জাফর এমপি, চৌধুরী আকমল ইবনে ইউসুফ এমপি, আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য বিপুল ঘোষ, সাবেক সংসদ সদস্য বেগম সালেহা মোশাররফ, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জয়নুল আবেদীন, সাধারণ সম্পাদক হাসিবুল হাসান লাবলু, জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব জহিরুল হক শাহজাদা মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেছ আলী ইছা, ফরিদপুর পৌরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথুসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাংবাদিক গৌতম হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ফরিদপুরবাসী আজ ঐক্যবদ্ধ। তাই বিচার না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
বিকাল ৪টায় নিহত গৌতম দাসের মা সতীরানী দাস পানি পান করিয়ে সাংবাদিকদের অনশন ভঙ্গ করান।
এদিকে রোববারের অনশন কর্মসূচি থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় ফরিদপুর প্রেসক্লাবে নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়, ৫ ডিসেম্বর সকাল ১০টায় নাগরিক কমিটির শোক র্যালি ও সমাবেশ এবং ৭ ডিসেম্বর দুপুর ১২টায় পাঁচ মিনিটের জন্যে স্তব্ধ ফরিদপুর কর্মসূচি পালন।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ রোববার সন্ধ্যায় ভাঙ্গা উপজেলার চণ্ডীদাসদীতে নিহত সাংবাদিক গৌতম দাসের বাড়িতে গিয়ে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পন করেন। এসময় মন্ত্রী গৌতমের পরিবারকে এক লাখ টাকা প্রদানের ঘোষণা দেন।
