২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবেশি দেশগুলোতে ম্যালেরিয়া নির্মূল না হওয়ায় আবারও দেশে এ রোগের আবির্ভাব ঘটছে: স্বাস্থ্য মন্ত্রী

ম্যালেরিয়া রোগ নিয়ন্ত্রণের ক্ষেত্রে অনেক আগেই বাংলাদেশে সফলতা অর্জিত হলেও প্রতিবেশি দেশসমূহে ম্যালেরিয়া নির্মূল না হওয়ায় এ রোগের পুনঃআবির্ভাব ঘটেছে। ফলে নতুন করে রোগ প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং রোগ নিরূপণ ও চিকিৎসা পদ্ধতির চার্ট অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2005, 02:21 PM

Updated : 26 Apr 2022, 06:20 PM

সীমান্তবর্তী জেলাগুলোতে এ কর্মসূচি বাস্তবায়নে অধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং বিশেষ ধরনের কীটনাশক দ্বারা মশারি ধোয়ার মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধে কার্যকর সুফল পাওয়া যাচ্ছে। সকল রোগ প্রতিরোধে জনগণকে সচেতন করার ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালনের জন্য মন্ত্রী গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি রোববার অনুষ্ঠিত ব্রিটিশ কাউন্সিলে কমনওয়েলথ প্রেস ইউনিয়ন, কমনওয়েলথ ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশন এবং কমনওয়েলথ হেলথ এ্যান্ড মিডিয়া আয়োজিত সাংবাদিকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ২০০৪ সালে বিশ্বে ৫০ লাখ লোক নতুনভাবে এইচআইভি ভাইরাসে সংক্রমিত হয়েছে। বাংলাদেশে এ সংখ্যা ১০২ জন। বিভিণœ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠির অবস্থান হিসেবে বাংলাদেশে প্রায় সাড়ে সাত হাজার এইচআইভি পজিটিভ লোক রয়েছে বলে ধারণা করা হয়। সংক্রমণের দিক থেকে অত্যন্ত কম মাত্রা হলেও বাংলাদেশ এ রোগ প্রতিরোধে কার্যকর প্রতিরোধ কর্মসূচি গ্রহণ করেছে।

অপরদিকে যক্ষারোগ সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের ২২টি উচ্চমাত্রার দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে। এদেশে যক্ষা নিরূপণের হার শতকরা ৪৬ ভাগ এবং সুস্থ করে তোলার হার ৮৪ ভাগ।

এ রোগের চিকিৎসায় সরকার স্বল্প মেয়াদি সরাসরি চিকিৎসা পদ্ধতি বাস্তবায়ন করছে।

দেশের সকল জেলা--উপজেলা হাসপাতালে এ রোগের চিকিৎসা দেওয়া হচ্ছে। যক্ষারোগ নিয়ন্ত্রণে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্য অনুযায়ী ২০১৫ সালের মধ্যে রোগ নির্ণয়ের হার শতকরা ৭০ ভাগ এবং সুস্থ করে তোলার হার ৮৫ ভাগে উন্নীত করতে হবে।

এইচআইভি/এইডস্, যক্ষা ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধ শীর্ষক এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রিটিশ কাউন্সিলের পরিচালক রলিনসন।

এসময় কমনওয়েলথ হেলথ এ্যান্ড মিডিয়ার প্রতিনিধি কলিন লয়েড উপস্থিত ছিলেন।

পাঁচদিনের প্রশিক্ষণে বিভিন্ন পত্রিকা ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন।