পাহাড়ে শান্তি নেই: ৮ বছরেও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন হয়নি
পার্বত্য শান্তিচুক্তি সম্পাদনের আট বছর পেরিয়ে গেলেও চুক্তির কোনো ধারা এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর হয়।
শান্তিচুক্তি সম্পাদনকারী পক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ২ ডিসেম্বর খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবান -- এই তিন পার্বত্য জেলাসহ সারাদেশে প্রতিবাদ দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে।
অপরদিকে বিএনপি -- জামাত সমর্থিত বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন পার্বত্য চুক্তিকে কালো চুক্তি আখ্যায়িত করে চুক্তি বাতিলের দাবিতে একই দিনে পার্বত্যাঞ্চলে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।
জনসংহতি সমিতির একজন উর্ধ্বতন নেতা বিডিনিউজকে জানান, জোট সরকার চুক্তি বাস্তবায়নে মোটেই আন্তরিক নয়।
তিনি জানান, পার্বত্য ভূমি কমিশন গঠন, ভূমি বিরোধ নিষ্পত্তি, অভ্যন্তরীণ উদ্বাস্তু পুনর্বাসন, স্থায়ী বাসিন্দাদের নিয়ে পৃথক ভোটার তালিকা প্রণয়ন বাস্তবায়নে সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।
সাধারণ আদিবাসী পাহাড়িদের অভিযোগ, সরকার দলীয় নেতা -- কর্মীরা পার্বত্য জেলা পরিষদগুলোকে পুনর্বাসন কেন্দ্র হিসেবে ব্যবহার করছে। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ গঠন ছাড়া জোট সরকার গত চার বছরে শান্তিচুক্তির তেমন কোনো শর্ত বাস্তবায়ন করেনি।
পার্বত্য শান্তিচুক্তির বাস্তবায়ন প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা বলেন, বিএনপি, আওয়ামী লীগ এবং জামাতে ইসলামীর মত বড় বড় রাজনৈতিক দলের নেতিবাচক মনোভাবের কারণে এ চুক্তি বাস্তবায়ন হচ্ছে না।
চুক্তি বিরোধীদের মধ্যে অধিকাংশই বিএনপি ও জামাত নেতা - কর্মী হলেও তাদের অভিযোগ, জোট সরকার চার বছরে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কোনো উদ্যোগ নেয়নি।
