২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে যমুনা এক্সপ্রেসের ৪ বগি লাইনচ্যুত, ১৬ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ, ৫০ যাত্রী আহত

জামালপুরে যমুনা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়ে পঞ্চাশ জন যাত্রী আহত হয়েছে। তারাকান্দি যমুনা সার কারখানা রেলওয়ে স্টেশন সংলগ্ন হোম সিগন্যালের কাছে শুক্রবার রাত সাড়ে ১১টায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2005, 09:19 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

এ দুর্ঘটনায় জামালপুর--জগন্নাথগঞ্জ ঘাট লাইনে ১৬ ঘন্টা রেল যোগাযোগ বন্ধ থাকে। শনিবার দুপুর ১১টায় ময়মনসিংহের কেওয়াটখালি থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় চার ঘন্টা উদ্ধার তৎপরতার পর বিকেল সাড়ে ৩টায় রেল যোগাযোগ কার্যক্রম চালু হয়।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে জগন্নাথগঞ্জ ঘাটগামী ৭৪৫নং আপ যমুনা এক্সপ্রেস ট্রেন তারাকান্দি সার কারখানা রেলওয়ে স্টেশনের হোম সিগন্যালের কাছাকাছি পৌঁছলে চারটি বগি লাইনচ্যুত হয়। এসময় যাত্রীরা হুড়োহুড়ি করে ট্রেন থেকে নামার সময় প্রায় ৫০ জন আহত হয়।

এ লাইনে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়লে ৩৮ আপ লোকাল ট্রেনটি কালিবাড়ি স্টেশন এবং ২৬৫ আপ লোকাল ট্রেন জগন্নাথগঞ্জ ঘাটে আটকা পড়ে।

স্থানীয়রা অভিযোগ করেন, রেলওয়ে বিভাগের উদাসিনতায় লাইনে যথেষ্ট স্লিপার ও পাথর না থাকায় গত দু’মাসে একই স্থানে দু’বার ট্রেন দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী (পথ) আব্দুল আজিজের সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।