২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে জঙ্গি নেতার বাড়ি থেকে ২টি টাইম বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

মাদারীপুরে শুক্রবার সন্ধ্যায় পলাতক জঙ্গি নেতা মাওলানা আলী আহম্মদের বাড়ি থেকে দু’টি তাজা টাইম বোমাসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম এবং ইসলামী জঙ্গি সংগঠনের বই--পুস্তক ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2005, 08:57 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ভূঁইয়া জানান, পুর্বে গ্রেপ্তারকৃত হিজবুত তাওহিদ কর্মী আব্বাসের স্বীকারোক্তি অনুযায়ী জঙ্গি নেতা মাওলানা আলী আহম্মদের বাড়িতে অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

এসময় জিজ্ঞাসাবাদের জন্যে পুলিশ আলী আহম্মদের স্ত্রী উম্মে মরতুজাকে আটক করে।

ডিবি’র ইন্সপেক্টর টিপু সুলতান বলেন, ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে আলী আহম্মদের বাড়ির খাটের নিচ থেকে কাঠের গুড়ার মধ্যে লুকানো অবস্থায় দুটি টাইম বোমা, দুই ডজন ব্যাটারি, একটি মিটার, জর্দার কৌটা, পাথর, লোহা ও কাচের টুকরা, তাতাল, রাঙ, রজন, সার্কিট ট্রানজিস্টার, সুইচ, প্লাস, ক্যাপাসিটর, আইসি, সার্কিট বোর্ড, ফায়ার সুইচ, কসটেপ, গাম ও ৫০ গজ তার এবং আরবি-বাংলায় লেখা বিপুল পরিমাণ জঙ্গি লিফলেট ও বই পুস্তক উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, মাদারীপুরে ১৭ আগস্টের বোমা হামলার সময় ওই বাড়ি থেকেই পলিথিনের ব্যাগে করে কর্মীরা বোমাগুলো বহন করে নিয়ে যায়।

এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে আলী আহম্মদের স্ত্রী মরতুজা স্বামীর অবস্থান সম্পর্কে এখনও মুখ খোলেনি।

মাওলনা আলী আহম্মদ একজন আফগানিস্তানে প্রশিক্ষণ নিয়েছে বলে কথিত আছে। পুলিশ দীর্ঘদিন ধরে তাকে খুঁজছে।